২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজ বড় হয়ে গেলে ধরা ‘ডিফিকাল্ট’: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমনে অভিযান ছেট পর্যায় থেকে শুরু করার পক্ষে যুক্তি দেখিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজ প্রভাবশালী হয়ে গেলে ব্যবস্থা নেওয়া দুরূহ হয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2019, 09:35 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সংস্থার বার্ষিক প্রতিবেদন দিয়ে বঙ্গভবন থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি ছোট পর্যায়ের দুর্নীতি দমনের উপর গুরুত্ব দিয়েছেন বলে জানান দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, “উনি (রাষ্ট্রপতি) বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন। গ্রামের মানুষ ডিসি-এসপির কাছে যেতে পারে না। তারা মনে করে তহশিলদার তাদের সমস্যার সমাধান করবে। এই তহশিলদার এবং আরও ছোট ছোট যারা আছে, নিম্ন স্তরের কর্মচারী, তাদের দুর্নীতি যাতে বন্ধ হয়, সেটা যেন আমরা দেখি।

“আমরা বললাম, স্যার এসব ধরতে গেলে বলা হয় চুনোপুঁটি। মিডিয়া, আপনারও বলেন চুনোপুঁটি ধরছেন। কিন্তু আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, মাঠ পর্যায়ে যাতে ছোট ছোট কর্মচারীরা দুর্নীতিবাজ না হয়।”

“ছোট ছোট গাছ থেকেই বড় গাছ হয়। ছোট গাছ উপড়ে ফেলা সম্ভব। বড় গাছ মহীরুহ যখন হয়ে যায়, ভেরি ডিফিকাল্ট,” বলেন সাবেক সচিব ইকবাল মাহমুদ।

রাষ্ট্রের সব পর্যায়ে বিশেষ করে সেবা খাতে দুর্নীতি দমনে অভিযান চালাতে রাষ্ট্রপ্রধান নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

“মহামান্য রাষ্ট্রপতি আমাদের বলেছেন, সরকারের যে কোনো সেক্টরে দুর্নীতি থাকলে সেখানেই যেন দুর্নীতি দমন কমিশন হস্তক্ষেপ করে।

“উনি বিশেষভাবে বলেছেন, শিক্ষার দুর্নীতি বন্ধ করতে হবে। উনি বলেছেন, ক্লাস রুমে যাতে কোয়ালিটি এডুকেশন হয়, সেই ব্যাপারে আমরা জিরো টলারেন্স যাতে দেখাই।”

স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে রাষ্ট্রপতি উদ্বিগ্ন জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “স্বাস্থ্যসেবায় আমরা চাই, ডাক্তার সাব যারা আছেন উনারা যাতে সঠিকভাবে সঠিক দায়িত্ব পালন করেন।”

চলতি বছর সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে দুদক কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

“সরকারের সম্পত্তি, সরকারের খাস জমি, রেলওয়ের জমি, সড়কের জমি এবং বন বিভাগের জমি যারাই অবৈধভাবে দখল করবে, তাদের ব্যাপারে এই বছর আমাদের জিরো টলারেন্স থাকবে। এটা আমাদের প্রথম অগ্রাধিকার।”

সাংবাদিকরা বেসিক ব্যাংকের দুর্নীতির অনুসন্ধান শেষ না হওয়ার বিষয়ে প্রশ্ন করলে ইকবাল মাহমুদ বলেন, “এই কথাটা গত দুই বছর ধরে শুনে আসছি। বেসিক ব্যাংক, বেসিক ব্যাংক… আর ব্যাংক নেই বাংলাদেশে?

“টাকা কোথায় গেল, তা যদি আমি কোর্টে না বলতে পারি, তাহলে তো কোনো কেইসই না। আমাদের উদ্দেশ্যে হল, এই টাকা কোথায় গেল, তা প্রমাণ করা।”

ব্যাংকগুলোকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইন-কানুন মানা হলে দুদক কখনও হস্তক্ষেপ করবে না। ব্যবসায়ীরা লোক নেবেন, সেখানে আমাদের কিচ্ছু বলার নেই। তবে জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।”

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “কাঙ্ক্ষিত মাত্রায় দুর্নীতি আমরা কমাতে পারিনি,, এটা সম্ভবও না। দুর্নীতির বিরুদ্ধে সব শ্রেণির মানুষ এক জোট না হলে কখনোই দুর্নীতি বন্ধ হবে না।”

থানায় ওসি যেন বিসিএস ক্যাডার থেকে নেওয়া হয়, দুদকের সে সুপারিশের বিষয়ে তিনি বলেন, “বিসিএস ক্যাডার থেকে ওসি নিয়োগ দেওয়ার বিষয়টি বলা হয়েছে গ্রামে-গঞ্জের থানায়, যাতে একটা ভারসাম্য রক্ষা হয়। আমরা মনে করি, বিসিএসসে যারা আসছে, তাদের ৯৮ শতাংশ সৎ।”

পুরনো খবর:

সেবা খাতে দুর্নীতিবিরোধী অভিযান চালাতে বললেন রাষ্ট্রপতি