২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মজীবী মায়েদের কাজের পরিবেশ নিরাপদ করতে হবে: স্পিকার

কর্মজীবী মায়েদের কর্মপরিবেশ আরও নিরাপদ করতে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 08:52 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

বিশ্ব মা দিবস উপলক্ষে ঢাকার রাওয়া ক্লাবে ‘গরবিনী মা’ পুরস্কর বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, মা যেখানেই থাকুন না কেন, সন্তানের কাছে তিনি চির উজ্জ্বল।

“একজন মা, যার কাছে সব সময় আশ্রয় পাওয়া যায়। নিরাপত্তাবোধ, নির্ভরশীলতা, আস্থা- সবকিছুর জায়গাই মা। একজন মা সকল কষ্ট, দুঃখ-বেদনাকে ধারণ করেন শুধুমাত্র সন্তানের কল্যাণের জন্য।”

স্পিকার বলেন, “মায়ের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য তার সন্তান যেন সুসন্তান হয়, সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠে। এটা প্রতিটি মায়ের আকাঙ্খা। এই আকাঙ্খাটাকেই তিনি সযত্নে লালন করেন। তার মধ্য দিয়েই সমাজ গড়ে ওঠে। তার মধ্যে দিয়েই একটি জাতি এগিয়ে যায়।”

মায়েদের জীবন মানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শিরীন শারমিন বলেন, মাতৃত্বকালীন ভাতা, মাতৃত্বকালীন ছুটিসহ কর্মজীবী নারীদের জন্য নানা সুযোগ-সুবিধা সৃষ্টি করাও মা দিবসের একটি বড় প্রতিপাদ্য।

“কারণ এখনকার মেয়েরা ঘর-সংসার সবকিছু দেখে কর্মক্ষেত্রেও অবদান রাখছে। সেখানে তাদের কাজের পরিবেশ যেন আরও বেশি নিরাপদ হয়, অনুকূল হয় সেদিকেও আমাদের নজর দিতে হবে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার আজকের অবস্থানের পেছনে মায়ের ভূমিকার কথা অনুষ্ঠানে বলেন।

তিনি বলেন, “আমরা অনেকগুলো ভাইবোন ছিলাম। যে কারণে অনেক কিছুই পেতাম না। কিন্তু আমি আজকে যে অবস্থানে এসেছি তাতে আমার মায়ের অবদান অনেক।

“আমরা যারা বেঁচে আছি, তারা মাকে অসম্মান করলে চলবে না। নতুন প্রজন্মকে বলব, সবাই মাকে শ্রদ্ধা করি, সম্মান করি। মাকে বন্ধু ভাবি, মার সঙ্গে সবকিছু শেয়ার করি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিস কুমার চক্রবর্তী। সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।

এ বছর ‘গরবিনী মা’ পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী মমতাজের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সবিতা রেজওয়ানা রহমানের মা আছিয়া রহমান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের মা আমেনা খাতুন, সাংবাদিক মুন্নী সাহার মা আপেল রাণী সাহা, চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম, নাট্য অভিনেতা আফরান নিশোর মা আঞ্জুমান আরা, ইউএস বাংলার ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম, অদম্য মেধাবী হৃদয় সরকারের মা সীমা সরকার।

কণ্ঠশিল্পী মমতাজ অনুষ্ঠানে বলেন, “জীবনে আমি বহু পুরস্কার পেয়েছি, কিন্তু আজকের পুরস্কারের মত কিছুই না। আমার সারা জীবনের যত পুরস্কার তা একপাশে আর আজকে মায়ের যে সম্মান তা একপাশে রাখলে মায়েরটার ওজন বেশি হবে। সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।”