২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য বাবুল চিশতীর ছেলেকে জামিন

অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে চিকিৎসার জন্য দুই মাসের অন্তবর্তী জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 04:52 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েস জামিন মঞ্জুর করেন।

রাশেদুলের পক্ষে জামিন শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু। দুদকের পক্ষে ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে দুই মাসের জামিনের আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদকের আইনজীবী।

তিনি বলেন, “রাশেদুল হক চিশতী অসুস্থ, তিনি লিভারের সমস্যায় ভুগছেন। এজন্য তার পক্ষে জামিন আবেদন করে আসামিপক্ষ। আদালত তাকে দুই মাসের জামিন দিয়েছেন। এরপর আর জামিন বর্ধিত করা হবে না বলে বিচারক বলেছেন।”

২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানার এই মামলায় বাবুল চিশতী ছাড়াও তার স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ ও ব্যাংকটির জামালপুরের বকশীগঞ্জ শাখার সাবেক ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খানকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে দুদক।

Image
মাহবুবুল হক চিশতী (ফাইল ছবি)

মাহবুবুল হক চিশতী (ফাইল ছবি)

মামলার এজাহারে বলা হয়েছে, ফারমার্স ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে মাধ্যমে ব্যাংকিং নিয়মের তোয়াক্কা না করে বাবুল চিশতী ব্যাংকটির গুলশান শাখায় একটি সঞ্চয়ী হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করেন।

এরপর বিভিন্ন সময়ে বাবুল চিশতী তার স্ত্রী, ছেলে, মেয়েদের ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখায় থাকা মোট ২৫টি হিসাবে অর্থ নগদ ও পে অর্ডারের মাধ্যমে বিভিন্ন সময় ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকার ‘সন্দেহজনক’ লেনদেন করেছেন।

এটি ছাড়াও বাবুল চিশতীর বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুদক। এর মধ্যে সবশেষ মামলাটি হয় গত ২৯ এপ্রিল।

বন্ধকী সম্পত্তির মূল্য বেশি দেখানোসহ নানা অনিয়মের মাধ্যমে ফারমার্স ব্যাংক থেকে ঋণ দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

এছাড়া গুলশান থানায় গত বছরের ৮ অগাস্ট দায়ের করা আরেকটি মামলায় বাবুল চিশতীর বিরুদ্ধে ফারমার্স ব্যাংকের অর্থে প্রভাব খাটিয়ে বিদেশ ভ্রমণ করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

এরপর একই বছরের ২৮ অক্টোবর একই থানায় করা মামলায় একটি প্রতিষ্ঠানকে সাড়ে ২৯ কোটি টাকা ঋণ দেওয়া ও সেই অর্থ পাচারের অভিযোগ আনা হয় বাবুল চিশতীর বিরুদ্ধে। এ মামলায় তার সাথে আরও পাঁচজনকে আসামি করে দুদক।

পুরনো খবর:

বাবুল চিশতীর বিরুদ্ধে দুদকের চতুর্থ মামলা
বাবুল চিশতীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন