ঢাকায় ২৪ রোহিঙ্গা নারীসহ আটক ২৬
রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে ২৪ জন রোহিঙ্গা নারীসহ ২৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সকালে খিলক্ষেত মধ্যপাড়া এলাকার ‘কোহিনুর ভিলা’ নামে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. মোখলেছুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা গ্রেপ্তার নয়, আটক করে এনে যাচাই-বাছাই করছি। এরা কীভাবে এখানে এসেছে? কারা এনেছে এবং কেন এনেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদের মধ্যে ২৪ রোহিঙ্গা নারী ছাড়া বাকি দুইজনের মধ্যে একজন দালাল আইয়ুব এবং অন্যজন ওই ভবন মালিকের ছেলে কাজল।
তাদের কাছে মোট ৫৬টি পাসপোর্ট পাওয়া গেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোখলেছুর বলেন, “যাচাই-বাছাই শেষে আগামীকাল এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।”
