২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আহত পাইলটসহ ছয়জন দেশে ফিরছেন  

মিয়ানমারে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের পাইলট ও ক্রুসহ ছয়জন শুক্রবারই দেশে ফিরছেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2019, 04:34 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

ইয়াংগনের হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীদের মধ্যে কেউ ছাড়া পেলে এবং দেশে ফিরতে চাইলে তাদেরও নিয়ে আসা হবে বলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ইয়াংগনের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

“মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে দুইজন পাইলট, দুইজন কেবিন ক্রু এবং দুইজন  গ্রাউন্ড ইঞ্জিনিয়ার আজ রাতেই দেশের পথে রওনা হবেন।”

ঢাকা থেকে ২৯ জন যাত্রী, চারজন ক্রু ও দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারসহ মোট ৩৫ জন আরোহী নিয়ে বুধবার বিকালে মিয়ানমারের পথে রওনা হয়েছিল বিমানের ফ্লাইট বিজি ০৬০। কিন্তু ইয়াংগনে নামার সময় উড়োজাহাজটি বজ্রঝড়ের কবলে পড়ে এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়।

বিমানের আরোহীদের সবাই ওই দুর্ঘটনায় কমবেশি আঘাত পান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি।

আরোহীদের মধ্যে অন্তত দশজনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ১৮ জনকে ভর্তি করা হয় বিমানবন্দরের কাছে স্থানীয় একটি হাসপাতালে।

তাদের মধ্যে চারজনকে বুধবার রাতেই হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য একটি ক্লিনিকে ভর্তি করে বিমান কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর  সামাজিক মাধ্যমে আসা ছবিতে ওই বিমানের পাইলট শামীম নজরুলকে রক্তাক্ত অবস্থায় পায়ে হেঁটে বিমান থেকে টার্মিনালে আসতে দেখা যায়। তাকেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় বলে শাকিল মেরাজ জানান।

পুরনো খবর:

ইয়াংগনে বিমান দুর্ঘটনার কারণ তদন্তে ৬ সদস্যের কমিটি
ইয়াংগন দুর্ঘটনা: উড়োজাহাজ সঙ্কটে বেকায়দায় বিমান
ইয়াংগনে দুর্ঘটনায় বিমানের উড়োজাহাজ