২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তরুণীর আত্মহত্যা

ঢাকার শ্যাওড়াপাড়ায় নিজের বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 11:47 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

তমা খান নামের এই তরুণী আট বছর আগে চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনিকে বিয়ে করেছিলেন। গত বছর রনির বিরুদ্ধে ‘পরকীয়ার’ অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন তিনি।

বুধবার সন্ধ্যায় মিরপুরের শ্যাওড়াপাড়ার বাসায় তিনি আত্মহত্যা করেন বলে মিরপুর থানার ওসি দাদন ফকির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বাসায় দুই বোনের সঙ্গে থাকতেন তমা। তার দুই বোন চাকরি করেন। বুধবার তারা সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখেন তমা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।”

পরে তারা পুলিশে খবর দিয়ে তমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

এবার অভিযোগ ‘রংবাজ’য়ের পরিচালকের বিরুদ্ধে!  

তমা স্বামীর সঙ্গে থাকতেন না জানিয়ে ওসি বলেন, “এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

তমার ফেইসবুক প্রোফাইলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি।

২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা শামীম আহমেদ রনিকে বিয়ে করেছিলেন তমা। ২০১৭ সালের অক্টোবরে ফেইসবুকে তাদের দাম্পত্য কলহের কথা প্রকাশ করেন তমা। ওই সময় বিবাহ বিচ্ছেদ নিয়ে জালিয়াতির অভিযোগ তুলে নির্মাতা রনির বিরুদ্ধে মামলাও করছিলেন তিনি।

আত্মহত্যার আগে বুধবার তমার সর্বশেষ ফেইসবুক পোস্ট নিয়েও আলোচনার সৃষ্টি হয়েছে। ‘মরিলে কান্দিসনা আমার দায়’ ক্যাপশন লিখে শামীম আহমেদ রনির সঙ্গে বেশ কিছু ছবি দিয়েছিলেন ওই পোস্টে।

এ বিষয়ে বক্তব্যের জন্য নির্মাতা রনিকে বেশ কয়েকবার ফোন করে এবং ফেইসবুকে মেসেজ পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।