এবার অভিযোগ ‘রংবাজ’য়ের পরিচালকের বিরুদ্ধে!
শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়া সিনেমা ‘রংবাজ’-এর পরিচালক শামীম আহমেদ রনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন তার স্ত্রী তমা খান।
‘রংবাজ’ সিনেমার নায়িকা নির্বাচনের ঘোষণার পর থেকে সিনেমাটির কলাকুশলীদের ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার ঘটনা ঘটছে।
সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলির চুক্তিবদ্ধ হওয়ার খবর শুনে ১০ মাসের আড়াল ভেঙে গণমাধ্যমের সামনে এসে অপু বিশ্বাস শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মের ঘটনা ফাঁস করে দেন।
এবার ‘রংবাজ’ সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে তার স্ত্রী তমা খান ফেইসবুকে এক স্ট্যাটাস লিখেছেন। অপু বিশ্বাসের প্রতি সহানুভূতিও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে তমা খান ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, “আমি প্রচণ্ড অসুস্থ। শুধু এটুকু বলতে চাই, এই মুহূর্তে অপুদি ( অপু বিশ্বাস ) যে অবস্থানে আছেন আমিও ঠিক সেই অবস্থানেই আছি ।আমরা নারীরা এদের ক্যারিয়ারের কথা ভেবে ভেবে ছাড় দিতে দিতে মৃত্যু পর্যন্ত পৌঁছে যাই অথচ এরা দিব্যি তেমনি থাকে ...দিনরাত প্রেমিকা প্রেমিকা বলে চিল্লাইতে থাকে! আর না ...আর আমি তোকে ছাড় দিবো না ...শুধু একটু সুস্থ হইতে দে! তোকে আর তোর সুবর্ণকে( প্রেমিকাকে ) আমি জেলের ভাত খাওয়ায়ে ছাড়বো ...ইনশাল্লাহ ...!!”
এই স্ট্যাটাসের কিছুক্ষণ পরেই দুপুর ২টা ৪১ মিনিটে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “সিনেমার নাম 'রংবাজ ' ...সব রংবাজেরা একসাথে! হাহাহাহা ...'নারী নির্যাতন' যদি বাংলাদেশ সরকারের এতই ইম্পটের্ন্ট ইস্যু হয়ে থেকে ...তাহলে এইসমস্ত রংবাজেরা কেম্নে পার পায় ...ক্ষমতার কারনে? সম্ভবত ...করুণা হয় অই সমস্ত পুরুষদের নারীচাকরদের কথা ভেবে ...তোরা কেম্নে পারিস?? তোদের কি কোনোই আত্মসম্মান নেই ...?? তোরা কি আদৌও মানুষ!?”
এব্যাপারে গ্লিটজ-এর পক্ষ থেকে শামীম আহমেদ রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন স্ট্যাটাসটি তিনি দেখেননি। আর তাই এব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।
