খাদ্যে ভেজাল দিলে ঈদ হবে জেলে, হুঁশিয়ারি মেয়রের
রোজায় ইফতারসহ খাদ্যে ভেজাল দিলে কিংবা পচা-বাসি খাবার বিক্রি করলে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হবে বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রোজার প্রথম দিনে মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার পরিদর্শনে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি।
মেয়র বলেন, রমজানজুড়ে সিটি করপোরেশনের পাঁচটি দল ইফতার তৈরির বিভিন্ন প্রতিষ্ঠান-রেস্তোরাঁয় অভিযান চালাবে।
“কেউ রোজদারদের পচা-বাসি এবং ভেজাল মিশ্রিত খাবার বিক্রি করছেন- অভিযানে এমন প্রমাণ পেলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ঈদের মতো আনন্দের দিনটিও তাদের কারাগারে কাটাতে হতে পারে।”
ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের এই পাঁচটি দলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) প্রতিনিধিরা থাকবেন।
মেয়র বলেন, কেউ যাতে খাবারের অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, এই দলগুলো সেদিকেও নজর রাখবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা (ব্যবসায়ী) রমজানের পবিত্রতা বজায় রাখুন, মানসম্মত খাবার বিক্রি করুন। নিজে সুস্থ থাকুন আপনার আত্মীয়-স্বজন ও নগরবাসীকে সুস্থ রাখতে সহায়তা করুন।”
