আমাদের মতো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কারও নেই: মোজাম্মেল
ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সন্তোষ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের মতো এত তড়িৎ গতিতে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আর কারও নেই।
লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এই ঝড়ের সময় ‘নির্ঘুম’ রাত কাটিয়েছেন বলেও তথ্য দিয়েছেন তিনি।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওড়িশ্যা ঊপকূলে আঘাত হানার পর পশ্চিমবঙ্গ হয়ে শনিবার বাংলাদেশে প্রবেশ করে। ঝড়টি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়ে বাংলাদেশ অতিক্রম করে বলে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে যায়।
সরকারি হিসাবে এই ঝড়ে পাঁচ জনের প্রাণহানি, ২১ হাজার ৩৩টি ঘরবাড়ি, ২২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত এবং ৩৮ কোটি ৫৪ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া প্লাবিত হয়েছে ৫৯টি গ্রাম।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘূণিঝড় ফণী পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা সভায় মোজাম্মেল হকসহ অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবেলায় সু-সমন্বিত ব্যবস্থা থাকায় সফলতার সাথে ফনী মোকাবেলা করা সম্ভব হয়েছে মন্তব্য করে সন্তোষ প্রকাশ করেন তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় ভবিষ্যতে যে কোনো ধরনের বড় দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয় ও বিভাগের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “ফণী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন। তিনি বিনিদ্র রজনী কাটিয়েছেন। আমাদের মতো তড়িৎ গতিতে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কারও নেই।
“আমাদের সাইক্লোন সেন্টারগুলো আরও মজবুত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, মসজিদকে আরও শক্তিশালী ও মজবুত করে তৈরি করে সেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। প্রাণিসম্পদ রক্ষার জন্য আরও মুজবুত কেল্লা তৈরি করতে হবে।”
কতজন লোক থাকবে সেই বিবেচনা থেকে আশ্রয়কেন্দ্র নির্মাণের পরামর্শ দিয়ে মোজাম্মেল হক বলেন, দুর্যোগের সময় সোলার সিস্টেমটা নিশ্চিত করতে হবে। ওই সময় কমিউনিটি রেডিওকে কাজে লাগানো যেতে পারে। রাস্তার পাশের বহু বছরের পুরনো অপ্রয়োজনীয় গাছ কেটে নতুন গাছ লাগাতে হবে, যেন দুর্যোগে গাছ পড়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থার ক্ষতি করতে না পারে।
আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে আরও জনবল নিয়োগের প্রয়োজনীয়তার কথা বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
দুর্যোগ নিয়ে সংবাদ জানানোর ক্ষেত্রেও সমন্বয় প্রয়োজন বলে মনে করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, “এবার দুর্যোগে গণমাধ্যম অত্যন্ত সচেতন ভূমিকা রাখায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বয় করে খুব ভালোভাবে কাজ করেছে।”
তিনি বলেন, “খুলনা, সাতক্ষীরা পরিদর্শনে গেলে সেখানকার জনগণ বলে, আমরা ত্রাণ চাই না, আমরা বেড়িবাঁধের সংস্কার চাই। ভবিষ্যতের জন্য এগুলোর সংস্কার করে আরও উঁচু করে বাঁধ নির্মাণ করতে হবে। এজন্য যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদের বরাদ্দ দিতে হবে।”
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যোগাযোগ হলো সমন্বয়ের মূল হাতিয়ার। এবার ‘অত্যন্ত সফলতার’ সাথে দুর্যোগ মোকাবেলা করা হয়েছে। ভবিষ্যতে ব্যবস্থাপনা আরও উন্নত হবে।
তিনি বলেন, ভবিষ্যতে দুর্যোগে বিদ্যমান কমিউনিকেশন সিস্টেমে সমস্যা হলে বিকল্প ব্যবস্থাটা রাখতে হবে।
ঘূর্ণিঝড় বাংলাদেশে পৌঁছানোর আগেই বাগেরহাটের উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, “আমরা যতই ব্যবস্থা নেই না কেন মজবুত করে বাঁধ নির্মাণ করা না গেলে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব হবে না। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বাঁধের সংস্কারের জন্য যত দ্রুত বরাদ্দের নিশ্চয়তা পাওয়া যাবে ততই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।”
এছাড়াও সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
