২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট রাস্তায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 10:04 AM

Updated : 18 Aug 2022, 05:15 PM

সোমবার রাত ১টার দিকে তিনশ' ফুট রাস্তার দুমনী এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের ভাষ্য।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে না পারলেও তাকে ‘মাদক চোরাকারবারি’ বলছে র‌্যাব।

কামরুজ্জামান বলেন, মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে দুমনী এলাকায় অভিযানে যায়।

“মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর কয়েকজন দৌঁড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রায় দুই হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।