২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের তাপপ্রবাহ

ঘূর্ণিঝড় ফনীর প্রভাব কেটে যাওয়ার পর মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 10:05 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

রাজশাহীর ঈশ্বরদীতে সোমবার তাপমাত্রা উঠেছে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, সারা দেশে এটাই দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও চার থেকে পাঁচ দিন।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, টাঙ্গাইল, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে সোমবার থেকে এই ‘মৃদু তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে এর বিস্তার আরও বাড়তে পারে।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চলতি মৌসুমে এপ্রিলের শেষে এক দফা তাপপ্রবাহ বয়ে যায় দেশজুড়ে। ২৯ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

এরই মধ্যে ৩ মে ঘূর্ণিঝড় ফণী উপকূলে আঘাত হানে। ফণীর প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হলেও বৃষ্টিতে খানিকটা স্বস্ত্বি আসে জনজীবনে। কিন্তু তারপর দুই দিন না যেতেই আবারও তাপাপ্রবাহের কবলে পড়েছে দেশ। 

মে মাসে আরও তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়- এ মাসে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) এবং অন্যত্র ১-২টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি/তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি কালবৈশাখী হতে পারে। এ সময় শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

পুরনো খবর:

ফণী: জেলায় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি