ইংরেজি-গণিতের ধাক্কা কাটিয়ে পাসের হারে উন্নতি
ইংরেজি ও গণিতের ধাক্কা কাটিয়ে ওঠায় এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হারে উন্নতি হয়েছে।
মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেশি ফেল না করলে এ বছর পাসের হার আরও বাড়ত বলে বোর্ড কর্মকর্তারা মনে করছেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে যে ফলাফল ঘোষণা করেছেন, তাতে সারা দেশে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ২০ শতাংশে।
বিজ্ঞান বিভাগের ৯৪ দশমিক ৭২ শতাংশ, ব্যবসায় শিক্ষার ৮৩ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করলেও মানবিক বিভাগে পাসের হার মাত্র ৭৪ দশমিক ৩২ শতাংশ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল, তাদের ৫৫ শতাংশই ছিল মানবিকের শিক্ষার্থী।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে এবার ৮২ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডে ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭২ দশমিক ২৪ শতাংশ পাস করেছে।
বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের (বিইডিইউ) নির্দেশনা অনুরসণ করে উত্তরপত্র মূল্যায়ন করায় গত দুই বছর মাধ্যমিকে পাসের হার কমে যায়।
মূল্যায়ন পদ্ধতিতে ‘স্থিতি’ আসায় পাসের হারে এবার সেই বিরূপ প্রভাব পড়েনি বলে বোর্ড কর্মকর্তাদের কেউ কেউ মনে করলেও বিইডিইউ-এর প্রধান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক তাদের সঙ্গে পুরোপুরি একমত নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি (পাসের হার বাড়া-কমা) আপেক্ষিক, দিন দিন প্রশ্নের মানের উন্নতি হচ্ছে। যখন কোনো কিছুর মানোন্নয়ন হয় তার সঙ্গে শিক্ষকদেরও মানোন্নয়ন হয়। আমাদের তত্বাবধান ছিল, শিক্ষকদের প্রশিক্ষণ ছিল, সবকিছু মিলিয়ে এই ফল।”
ইংরেজি ও গণিতে বাজে ফলের পাশাপাশি মানবিক বিভাগে ফল বিপর্যয় হওয়ায় গতবছর মাধ্যমিকে পাসের হার ছিল নয় বছরের মধ্যে সর্বনিম্ন- ৭৭ দশমিক ৭৭ শতাংশ।
ইংরেজি ও গণিতে এবার গতবারের চেয়ে ভালো ফল হওয়ায় সার্বিক পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ পয়েন্ট।
ফল বিশ্লেষণ করে দেখা যায়, আটটি সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও এবার ইংরেজিতে পাসের হার বেড়েছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বাদে সব বোর্ডে বেড়েছে গণিতে পাসের হার।
এসএসসির ফল প্রকাশের পর চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের উল্লাস।
এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলে উল্লসিত রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা
ইংরেজি-গণিতে পাসের হার
বোর্ড | ইংরেজি (%) | গণিত (%) | ||
| ২০১৮ | ২০১৯ | ২০১৮ | ২০১৯ |
ঢাকা | ৯১.১৮ | ৯১.৯৫ | ৮৭.৭৬ | ৮৫.২১ |
রাজশাহী | ৯৭,৩০ | ৯৮.১৬ | ৯১.৫৮ | ৯৩.৯২ |
কুমিল্লা | ৯১.৫৭ | ৯৭.৬১ | ৯০.১৬ | ৯৩.৭৭ |
যশোর | ৯০.৩৭ | ৯৫.৮৬ | ৮৫.৮০ | ৯৬.৭৯ |
চট্টগ্রাম | ৯২.২৯ | ৯৩.৮৮ | ৮৮.১১ | ৮৬.৪৩ |
বরিশাল | ৯২.১৫ | ৯৩.২৬ | ৮৫.৬৪ | ৮১.৬৪ |
সিলেট | ৯০.৪৫ | ৯৫.৯৯ | ৭৬.৬১ | ৭৫.২৮ |
দিনাজপুর | ৯১.০৫ | ৯৪.৯৬ | ৮৫.৪৬ | ৮৭.৩৯ |
মাদ্রাসা | ৯৬.৪৪ | ৯৭.৩৫ | ৮০.২৯ | ৮৯.৭৩ |
কারিগরি | ৯৪.৯৩ | ৯৬.১৭ | ৮৭.৬৩ | ৮৯.১৭ |
যশোর বোর্ডের পাসের হার এবার গতবারের চেয়ে এক লাফে ১৪ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট বেড়ে ৯০ দশমিক ৮৮ শতাংশ হয়েছে।
এছাড়া কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার এবার বেড়েছে। পাসের হার কমেছে কেবল ঢাকা বোর্ডে।
এক নজরে ফলাফল
| ২০১৯ | ২০১৮ | ২০১৭ | |||
বোর্ড | পাশের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) |
ঢাকা | ৭৯.৬২ | ২৯৬৮৭ | ৮১.৪৮ | ৪১৫৮৫ | ৮৬.৩৯ | ৪৯৪৮১ |
রাজশাহী | ৯১.৬৪ | ২২২৯৫ | ৮৬.০৭ | ১৯৪৯৮ | ৯০.৭০ | ১৭৩৪৯ |
কুমিল্লা | ৮৭.১৬ | ৮৭৬৪ | ৮০.৪০ | ৬৮৬৫ | ৫৯.০৩ | ৪৪৫০ |
যশোর | ৯০.৮৮ | ৯৯৪৮ | ৭৬.৬৪ | ৯৩৯৫ | ৮০.০৪ | ৬৪৬০ |
চট্টগ্রাম | ৭৮.১১ | ৭৩৯৩ | ৭৫.৫০ | ৮০৯৪ | ৮৩.৯৯ | ৮৩৪৪ |
বরিশাল | ৭৭.৪১ | ৪১৮৯ | ৭৭.৭১ | ৩৪৬২ | ৭৭.২৪ | ২২৮৮ |
সিলেট | ৭০.৮৩ | ২৭৫৭ | ৭০.৪২ | ৩১৯১ | ৮০.২৬ | ২৬৬৩ |
দিনাজপুর | ৮৪.১০ | ৯০২৩ | ৭৭.৬২ | ১০৭৫৫ | ৮৩.৯৮ | ৬৯২৯ |
মাদ্রাসা | ৮৩.০৩ | ৬২৮৭ | ৭০.৮৯ | ৩৩৭১ | ৭৬.২০ | ২৬১০ |
কারিগরি | ৭২.২৪ | ৪৭৫১ | ৭১.৯৬ | ৪৪১৩ | ৭৮.৬৯ | ৪১৮৭ |
মোট | ৮২.২০ | ১০৫৫৯৪ | ৭৭.৭৭ | ১১০৬২৯ | ৮০.৩৫ | ১০৪৭৬১ |
বিভিন্ন বোর্ডে পাসের হারে বেশ তারতম্য থাকলেও তাতে কোনো অসুবিধা দেখছেন না শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলছেন, “এটি মোটেই অস্বাভাবিক কিছু নয়। কোথাও বেড়েছে, কোথাও কমেছে। যেখানে বেশি বেড়েছে সেখানে কোনো ধরনের শিথিলতা ছিল না।… পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভালো ফল করেছে।
“আমরা চাই সব শিক্ষার্থী পাস করবে, কিন্তু কোনো না কোনো কারণে অনেক শিক্ষার্থী পাস করে না। পাসের হারের কৃতিত্ব শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের।”
ঢাকা বোর্ডে পাসের হার কমার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, গণিতে পাসের হার গতবারের থেকে ২ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট কমেছে। মানবিক বিভাগে পাসের হার কমেছে ৩ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট।
“যেহেতু বেশি পরীক্ষার্থী মানবিকের, তাই তার প্রভাব পুরো পাসের হারের উপরে কিছুটা পড়েছে।”
ফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার মাধ্যমিকে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৪ দশমিক ৯৫ শতাংশই মানবিকের, যে বিভাগের শিক্ষার্থীরা বেশি ফেল করেছে।
আট বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ৭১ হাজার ১৯ জন (৫৪.৯৫%) মানবিকের শিক্ষার্থী। আর বিজ্ঞান বিভাগ থেকে এবার ৫ লাখ ৪১ হাজার ৩২৩ জন (৩৮.৫৮%) এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ লাখ ৮২ হাজার ৩১০ জন (২৭.২৫%) পরীক্ষা দেয়।
সিলেট বোর্ডে এবার সবচেয়ে কম শিক্ষার্থী পাস করার কারণ হিসেবেও মানবিকের শিক্ষার্থী বেশি হওয়ার কথা বলেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সিলেট বোর্ডে বিজ্ঞানে ৯৪ দশমিক ১৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭৭ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও মানবিকে পাসের হার ৬৩ দশমিক ০৫ শতাংশ।
সিলেট বোর্ড থেকে এক লাখ ১৩ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে মানবিকের শিক্ষার্থী ৭৯ হাজার ২১৫ জন। আর বিজ্ঞানে পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৫৬৭ জন, ব্যবসায় শিক্ষার ১০ হাজার ৩৮৯জন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “শিক্ষক-শিক্ষার্থীরা এখনও সৃজনশীলে ইউজড টু হয়নি। আমাদের মাস্টার ট্রেইনার তৈরি করতে হবে।”
সিলেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, “বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের (বিইডিইউ) নির্দেশনা অনুরসণ করে উত্তরপত্র মূল্যায়ন করায় গত দুই বছর পাসের হার কমেছিল। আমরা মনে করছি উত্তরপত্র মূল্যায়নে এবার স্থিতি এসেছে।”
এসএসসিতে ভালো ফল পাওয়ায় উল্লসিত চট্টগ্রামের ড. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সুমন বাবু
যশোর বোর্ডে এবার যারা নির্বাচনী পরীক্ষায় ফেল করেছিল তাদের ফরম পূরণের সুযোগ না দেওয়ায় এবার বোর্ডে রেকর্ড ফল হয়েছে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তরা।
যশোর বোর্ডে এবার পাসের হার গতবারের ৭৬.৬৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯০.৮৮ শতাংশ।
এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনী পরীক্ষায় যারা পাস করেনি তাদের এবার বোর্ড পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ভালো শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে, ফলও ভালো হয়েছে।”
এবার যশোর বোর্ডের ৩০ হাজারের মত শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় তারা বোর্ড পরীক্ষায় বসতে পারেনি বলে জানান তিনি।
যশোর বোর্ডে প্রশ্ন ব্যাংক চালু থাকার তথ্য তুলে ধরে অধ্যাপক মাধব বলেন, এই বোর্ডের প্রতটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম থেকে দশম শ্রেণির প্রশ্ন দেওয়া হয় প্রশ্নব্যাংক থেকে। অর্থাৎ বোর্ডের প্রশ্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে ওঠে শিক্ষার্থীরা।
“এবার যারা এসএসসিতে অংশ নিয়েছে, তারা অষ্টম শ্রেণি থেকে বোর্ডের প্রশ্নে পরীক্ষা দিয়ে আসছে, ফলে প্রশ্ন ভীতি ছিল না তাদের মধ্যে। প্রশ্ন ব্যাংকের পেছনে আমরা আছি।”
এসএসসি পরীক্ষায় নিজের সাফল্যের কথা স্বজনদের জানাচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী। ছবি: আসিফ মাহমুদ অভি
পাসের হার বাড়লেও সার্বিক ফলাফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। এবার ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী পূর্ণ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পেয়েছে। গতবছরের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৫ জন কমলেও সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল।
তিনি বলেন, “সব বছর একই মানের শিক্ষার্থী পরীক্ষায় বসে না, ফলে জিপিএ-৫ প্রাপ্তিতে হেরফের হতেই পারে।”
অধ্যাপক জিয়াউলও মনে করেন, মানবিকে পাসের হার কম থাকায় সার্বিক পাসের হারে তার প্রভাব পড়েছে।
৯১% পাস ‘খতিয়ে দেখা উচিত’
বিভিন্ন বোর্ডের পাসের হারে তারতম্য নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো প্রশ্ন না থাকলেও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী মনে করেন, বিষয়টি খতিয়ে দেখা দরকার।
ফলাফলের প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এবারও ঠিক সময় ফল ঘোষণা করা হয়েছে এবং প্রশ্ন ফাঁসের দৌরাত্ম ছিল না- এসব ভালো দিক।
“তবে পাসের হারে বিরাট তারতম্য হয়েছে। রাজশাহীতে ৯১ দশমিক ৬৪ শতাংশ পাস, সেটা একটু দেখা দরকার। যশোর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেও হঠাৎ করে ভালো ফল হয়েছে।”
রাশেদা বলেন, এবারও পাসের হারে সিলেট বোর্ড টেবিলের নিচে রয়েছে। সিলেটের শহরাঞ্চলের ছেলেমেয়েরা ভালো করলেও শহরের বাইরে ও চা বাগানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন চিত্র দেখা যায়নি।
“মেয়েদের ভালো করার ট্রেন্ড আরও বেড়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় সূচকে এবার তারা এগিয়ে গেছে, এটা ভালো দিক।”
এমপিওভুক্তির জন্য কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ২০ জন শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় পাঠিয়ে শতভাগ পাস দেখায়- এমন পর্যবেক্ষণ দিয়ে সাবেক এই শিক্ষা উপদেষ্টা বলেন , “এখানে কিছুটা শুভঙ্করের ফাঁকি আছে।”
