২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মোহাম্মদকে পিপি পদ থেকে সরতেই হচ্ছে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (পরে রাষ্ট্রপতির মার্জনা প্রাপ্ত) গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলকে নেত্রকোণার পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে অপসারণে হাই কোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 03:42 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিমলের করা লিভ টু আপিল খারিজ করে সোমবার এই রায় দেয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ।

বিমল নেত্রকোণা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের মামা।

আদালতে বিমলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী মোহাম্মদ হোসেন।

আইনজীবী মোহাম্মদ হোসেন পরে সাংবাদিকদের বলেন, পিপি থেকে তাকে অপসারণ করতে হাই কোর্ট রায় দিয়েছিল, এছাড়া ওই রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে বিমলকে দেওয়া বার কাউন্সিলের আইনজীবী সনদ বাতিল করতে নির্দেশনা ছিল।

“এ রায়ের বিরুদ্ধে  আপিল বিভাগে আবেদন করেন গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল। সোমবার তার সেই লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাই কোর্টের রায়ই বহাল রেখেছে আপিল বিভাগ।”

ফলে গোলাম মোহাম্মদ খান পাঠান বিমলকে পিপি পদ থেকে অপসারিতই হতে হচ্ছে বলে জানান এই আইনজীবী।

শ্বশুরকে হত্যার দায়ে ১৯৮৮ সালের ১৭ জুলাই নেত্রকোণা দায়রা জজ আদালতে গোলাম মোহাম্মদ পাঠানের যাবজ্জীবন সাজা হয়। ১৯৯৩ সালের ১৭ জুন হাই কোর্টও বিচারিক আদালতের রায় বহাল রাখে।

এর মধ্যে রাষ্ট্রপতির মার্জনা পেয়ে ১৯৯৫ সালে কারাগার থেকে মুক্তি পান বিমল। পরবর্তীতে ১৯৯৭ সালের ৬ অগাস্ট তিনি আইনজীবী হিসেবে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। 

২০০৯ সালের ২ এপ্রিল তিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সাজাপ্রাপ্ত ব্যক্তির পিপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করেন নেত্রকোণার বাসিন্দা মো. মোশারফ হেসেন।

ওই রিটের শুনানি নিয়ে হাই কোর্ট ২০১৭ সালের ৮ অগাস্ট পিপির কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে। 

পরে ওই বছরের ১২ ডিসেম্বর রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ।

সে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন বিমল; যা সোমবার খারিজ করে দেয় আপিল বিভাগ।