রামপুরায় যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর রামপুরায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত আড়াইটার দিকে রামপুরার জামতলা এলাকায় ওই ঘটনায় নিহত যুবকের নাম রাসেল (২৩)।
রাসেলের স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাতে স্বপন নামের একজন মোবাইল ফোনে রাসেলকে ডেকে নেয়।
“পরে তাকে ছুরি ও চাপাতি দিয়ে পিঠে, হাতে ও পাঁজরে কোপানো হয়।”
গুরুতর আহত রাসেলকে রাত ৩টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির জানিয়েছেন, স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আর নিহত রাসেলও মাদক কেনাবেচায় জড়িত ছিল।
“ধারণা করা হচ্ছে, মাদক কারবার নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড,” বলেন তিনি ।
