শাহ আলমগীর ছিলেন ‘আপসহীন’
নীতি ও আদর্শের প্রশ্নে সাংবাদিক ও পিআইবির সাবেক মহাপরিচালক শাহ আলমগীর একজন ‘আপসহীন ব্যক্তি’ ছিলেন বলে তার স্মরণসভায় বলেছেন সবাই।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রোববার আয়োজিত এই নাগরিক স্মরণসভায় শাহ আলমগীরের অনুজ সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ পিআইবি চেয়ারম্যান আবেদ খান; বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
স্মরণ সভায় শাহ আলমগীরের স্ত্রী ফৌজিয়া বেগম মায়া ও ছোট বোন তাহমিনা খাতুন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাংবাদিক নজরুল কবীর, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিআইজের সভাপতি আবু জাফর সূর্য, ডিআইজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন শাহ আলমগীরের ছেলে আশিকুল আলম দীপ ও মেয়ে অর্চি অনন্যা।
পিআইবি চেয়ারম্যান আবেদ খানের উদ্দেশে ফৌজিয়া বেগম মায়া বলেন, “আপনার কাছে আমার আবদার নয়, একটি দাবি রয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে পিআইবির মাধ্যমে শাহ আলমগীরের নামে একটি স্মৃতি পদক প্রবর্তন করতে চাই। প্রতি বছর ১০ ফালগুন, ২২ ফেব্রুয়ারি তার জন্মদিনে একজন যোগ্য সাংবাদিকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা।”
শাহ আলমগীরের বোন তাহমিনা খাতুন পিআইবির মাধ্যমে তার স্মারকগ্রন্থ প্রকাশের দাবি জানান।
মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “শাহ আলমগীর পিআইবিতে মহাপরিচালক হিসেবে যেসব কাজ করেছেন, তা ভবিষ্যতের জন্য অনুকরণীয়। ভালো মানুষ, সাংবাদিক, প্রশাসকের সমন্বয় ছিলেন তিনি, যা সচরাচর দেখা যায় না।”
জাসদ সভাপতি ইনু বলেন, “তিনি একজন বুদ্ধিদীপ্ত প্রশাসক ছিলেন। বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী মানুষ ছিলেন। আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।“
ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “শাহ আলমগীর প্রগতিশীল আন্দোলনে কর্মী ও সংগঠক ছিলেন। প্রবীণ সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। একদিকে শিশু, অন্যদিকে প্রবীণ সব বয়সী মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। যেখানে মানুষের কল্যাণ, সেখানে তিনি নিবেদিত ছিলেন।“
সিপিবির সভাপতি সেলিম বলেন, “দেশপ্রেমিক, প্রগতিশীল, বিপ্লবী, মানবতাবাদী- এ চার শব্দে তাকে ব্যাখ্যা করা যায়। আমৃত্যু তিনি এগুলোকে লালন করতেন।”
পিআিইবির চেয়ারম্যান আবেদ খান বলেন, “শাহ আলমগীরকে হারানোর মধ্য দিয়ে আমরা একজন পরিপূর্ণ মানুষকে হারিয়েছি। মানবিক মূলবোধের এই আকালের মধ্যে, দূর্ভিক্ষের মধ্যে তার মতো একজন মানুষের বড় প্রয়োজন। তার কর্মের মধ্য দিয়ে এই প্রয়োজনীয়তা সৃষ্টি করেছেন। তিনি ভালো ও নীতিবান মানুষ ছিলেন। সত্যিকারের সৎ সাংবাদিকতার যে স্বপ্ন তিনি দেখতেন তা যেন পূরণ হয়, সেই প্রত্যাশা করছি।“
সৈয়দ হাসান ইমাম বলেন, “এতগুলো মানুষ তার সম্পর্কে কথা বলছেন, এগুলো শুধু কথার কথা নয়। তারা উপলব্ধি থেকেই কথা বলেছেন।”
সাইফুল আলম বলেন, “মানুষ হিসেবে অতুলনীয়, সংগঠক হিসেবে সবার আগে। কর্ম-চিন্তার মধ্যে ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিলো। সে সঙ্গে ছিলেন আপসহীন মানুষ।”
মুহম্মদ শফিকুর রহমান বলেন, “মেধাবী, সৎ ও নিষ্ঠাবান না হলে, একজন ব্যক্তি কখনই সব ক্ষেত্রে সফল হন না। শাহ আলমগীর ছিলেন তেমনই একজন।”
গোলাম কুদ্দুছ বলেন, “তিনি নীতিবোধ, নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শকে সঙ্গী করে আমৃত্যু পথ চলেছেন।”
