২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় ‘ফণী’র ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 02:30 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রদান করেছেন।

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে এতে বলা হয়েছে।

প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশায় তাণ্ডব চালানোর পর শনিবার বাংলাদেশে ঢোকে।  

তবে বাংলাদেশে ঢোকার আগে ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে যাওয়ায় এবং দুর্যেগ মোকাবেলায় আগাম প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে সরকারের ধারণা।

Image
অতি প্রবল ঘূর্ণিঝড় বাংলাদেশে দুর্বল হয়ে ঢোকার পরও চাঁদপুরে দেড় শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় বাংলাদেশে দুর্বল হয়ে ঢোকার পরও চাঁদপুরে দেড় শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে বিভিন্ন স্থানে ঘর ও গাছচাপা পড়ে নয়জন নিহত হওয়ার খবর গণমাধ্যমে এলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান চারজন নিহত এবং ৬৩ জনের আহত হওয়ার তথ্য দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দেশের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। যদিও অনেকটা দুর্বল হয়ে ফণী বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করেছে, কিন্তু দক্ষিণাঞ্চলের কয়েকটি উপকূলীয় জেলা এবং উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বাড়িঘরসহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকার উপজেলা ও জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন বিভাগ, জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপনে সরজমিনে মাঠে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছেন।

“ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তা করার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে উপকূলীয় এলাকায় আকাশপথে জরিপ কাজ পরিচলনা করা হচ্ছে,” বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

রোববার সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় তিনি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের নির্দেশ দেন।

সরকারপ্রণীত দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট সবাই যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, মুখ্য সচিব তাও নিশ্চিত করার নির্দেশ দেন।

পুরনো খবর:

ফণীর বিপদ কেটেছে, এখন ক্ষতির হিসাব