মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে শহিদুলের
বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে এক আলোচনা সভায় যোগ দিয়ে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আলোকচিত্রী শহিদুল আলম।
এ প্রসঙ্গে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে ক্ষমতাধর এই দেশটির তৎপরতার কথা বলেছেন তিনি।
বিশ্বের যেসব দেশে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে মতপ্রকাশকারীদের দমন-নির্যাতনের শিকার হতে হচ্ছে, সেসব দেশে প্রচারাভিযানের অংশ হিসেবে শনিবার এডওয়ার্ড এম কেনেডি সেন্টারের সঙ্গে (ইএমকে) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বক্তব্যে বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে শহিদুল আলম বলেন, “আমরা ইএমকে সেন্টারে এসেছি। ইমকে সেন্টারে যে দেশ জড়িত সে দেশ ফ্রিডম অব এক্সপ্রেশন নিয়ে কতটা করে, সেটা নিয়ে প্রশ্ন করার আছে।
“তার দেশ অ্যাসাঞ্জকে নিয়ে মরিয়া, কী কারণে? কারণ তার বিরুদ্ধে অ্যাসাঞ্জ কথা বলেছে।”
মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দ্বৈত অবস্থান হিসেবেই দেখছেন শহিদুল আলম।
ঢাকার ইএমকে সেন্টারে শনিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলম।
অ্যাসাঞ্জকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের কোনো কর্মসূচি না থাকায় তার সমালোচনাও করেন শহিদুল আলম।
“আজকে অ্যাসাঞ্জকে নিয়ে বা অ্যাসাঞ্জের মুক্তি নিয়ে প্রেস ক্লাবের সামনে কোনো ব্যানার ঝুলছে না। এটা লজ্জার, অপমানের।”
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে তার প্রকাশ করা নথিতে চরম বেকায়দায় পড়েছিল যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগন।
সে সময় যুক্তরাষ্ট্রের কর্তাদের রোষানলে পড়া অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা হয় সুইডেনে। গ্রেপ্তার এড়াতে ২০১২ সালে অ্যাসাঞ্জ লন্ডনে একুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তারপর থেকে তিনি সেখানেই ছিলেন।
সুইডেনের সেই মামলার কার্যক্রম বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের হাতে পড়ার ভয়েই এই দূতাবাস ছাড়ছিলেন না অ্যাসাঞ্জ।
সাত বছর লন্ডনে একুয়েডর দূতাবাসে কাটানোর পর গেল মাসে গ্রেপ্তার হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ
ব্রিটিশ আদালত থেকে জামিন নিয়ে আর আদালতে হাজির না হওয়ায় তাকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অ্যাসাঞ্জের মূল ভয়, তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে নির্যাতন চালানো হতে পারে।
শল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্লগার ও সেচ্ছাসেবীদের নিয়ে নিয়ে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান।
মত প্রকাশের ক্ষেত্রে শিল্পীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শহিদুল আলম।
তিনি বলেন, “আমাদের দেশে কোনো কথা বলতে গেলে প্রথমেই যেটা শুনতে হয়, আর কেউ বলুক তোমার কী ঠেকা পড়েছে? শিল্পীর রজনীতি নিয়ে কথা বলার দরকারটা কী? আজকে হঠাৎ করে শিল্পী সচেতন হয়ে গেছেন! এটার বিরুদ্ধে বলা যাবে না, কোনটা নিয়ে চুপ থাকতে হবে, সময়টা ভালো না ইত্যাদি ইত্যাদি। ভালো সময় আপনা আপনি আসে না, অনেক সময় আনতে হয়। ভালো পরিস্থিতি তৈরি করতে হয়।”
“তাই যদি হয় তাহলে হাজত এত খারাপ কেন? কারণ ওই খানে আমার স্বাধীনতা নেই। তার মানে কাউকে বঞ্চিত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য সবচাইতে কঠিন ও দামি জিনিস স্বাধীনতা নিয়ে নেওয়া। তাহলে বাইরে থেকে আমার যদি সেই স্বাধীনতাই না থাকে, তাহলে হাজতের বাইরে আছি সেটা কেন ভাবব?
“কেন আমি নিরন্তর প্রশ্ন করব না, তোমার কোনো অধিকার নেই একজন নাগরিকের স্বাধীনতা কেড়ে নেওয়ার। এটার প্রতিবাদ যদি আমি নিরন্তর, সারাক্ষণ সকলের সামনে না করি তাহলে নাগরিক হিসেবে আমি দায়িত্ব পালন করি না।”
তিনি বলেন, “দেশে বাক স্বাধীনতা বা অভিব্যক্তি প্রকাশের মাধ্যম বেড়েছে মানে এই না যে, আমি বা আমরা তা প্রকাশ করতে পারছি। সংখ্যা হিসাবে এর বিচার করাটা রাজনৈতিক। যে সমাজ মত বা অভিব্যক্তি প্রকাশে যত বেশি উদার সে সমাজ তত বেশি অগ্রগামী বা প্রগতিশীল।”
অভিনেতা উন্নয়নকর্মী আইরিন খান নারী হিসেবে মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম কীভাবে করছেন, তা অনেকটা ক্ষোভের সাথেই তুলে ধরেছেন তিনি।
আইরিন খান বলেন, “‘বলতে মানা’ শিরোনামে একটি রেডিও শো চালাই আমি, যেখানে আমরা নানা সামাজিক সমস্যা নিয়ে কথা বলে থাকি। যা অনেকদিন ধরে মানুষের জীবনকে প্রভাবিত করছে।
“সেখানে আমরা পুরুষতন্ত্র, দেশে ধর্ষণ বৃদ্ধির কারণ, যৌনতা ও মানসিক স্বাস্থ্য, ধর্ম ইত্যাদি নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানটি করার সময়, শ্রোতা বা অংশগ্রহণকারীদের সাথে যখন কথা বলি বা আলাপ হয় তখন বুঝতে পারি যে, আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতার চর্চা করি না।”
তিনি বলেন, “নারী হিসেবে নীরব থাকাটা আমাদের শেখানো হয়। কখনোই বলো না, অভিযোগ করো না, প্রকাশ করো না, জোরে কথা বলো না, বাইরে যেও না, হেসো না, তর্ক করো না, আপত্তি করো না, মেনে নাও, সমঝোতা বা আপস করো।
“শৈশব থেকে থেকে আমরা এসব শুনে আসছি, শিখে আসছি এবং মানতে বাধ্য হচ্ছি বা আপস করছি।”
“অন্য সময় হলে যেটা করতাম, এই প্রবন্ধের সবচাইতে এক্সাইটিং অংশটুকু অনলাইনে তুলে ধরে বলতাম, এ রকম একটা প্রবন্ধ লিখেছি, আপনারা পড়বেন। কিন্তু আমি এই প্রবন্ধের সে রকম কিছু শেয়ার করতে পারছি না। কারণ এই প্রবন্ধটাতে এ রকম কিছু লিখেছি যা ডিজিটাল মাধ্যমে প্রকাশ করলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে বলে ভয় পাচ্ছি।”
অনুষ্ঠানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, “রাষ্ট্র সুরক্ষা না দিলে মানুষ নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। তথ্য সেন্সরশিপ ও ভয় মানুষের জীবনমান, সততা ও দায়বদ্ধতার অবনমন ঘটায়।”
গণমাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, ব্যক্তির গোপনীয়তার উপর দমনমূলক আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “বিশ্বব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে ঢাকায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই কার্যক্রম।
সাদ বলেন, “আমরা লক্ষ করছি যে, বাংলাদেশের সংবাদপত্রগুলোর সম্পাদকেরা খবর, সম্পাদকীয় প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হয়ে উঠেছেন। এমনকি অনেক সময় কলাম বা প্রতিবেদন ছাপাচ্ছেনও না।”
আলোচনায় আরও অংশ নেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, সাংবাদিক শুপ্রভা তাসনিম, সৈয়দ তাসফিন চৌধুরী, শিল্পী লিজা হাসান, ঋতু সাত্তার, সাঈফ মাহমুদ, শ্যাম সাগর মানকিন।
