২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় নিশ্চিৎ করেছে বাংলাদেশ দূতাবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2019, 08:51 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ১৭ জন শ্রমিক সৌদি আরবের দাম্মাম থেকে মদিনা যাওয়ার পথে রাজধানী রিয়াদের কাছাকাছি সাকরা নামক স্থানে তাদের বহনকারী মিনিবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে ১০ জন নিহত হন। আহত হন আরও সাতজন।

আহতদের মধ্যে দুইজন রিয়াদে এবং তিনজন সাকরা হাসপাতালে ভর্তি আছেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

নিহত বাংলাদেশিরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝাগরমান গ্রামের হাবেজ উদ্দিনের ছেলে বাহাদুর, একই উপজেলার কস্তুরিপাড়া গ্রামের মো. শামসুল হকের ছেলে মনির হোসেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম,  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. ইউনুস আল।

নরসিংদীর মনোহরদী উপজেলার তারাকান্দি গ্রামের মান্নান মাঝির ছেলে জামালউদ্দিন মাঝি, তাতারদি গ্রামের রশিদের ছেলে ইমদাদুল এবং দমনমারা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে মো. আল আমিন, নওগাঁর মান্দা উপজেলার তেগরা গ্রামের মো. তফিজউদ্দিন মৃধার ছেলে গিয়াসউদ্দিন মৃধা ও তুরুকবাড়িয়া গ্রামের মো.রমজান আলীর ছেলে মো. মানিক এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. জুয়েল।

হতাহত বাংলাদেশি শ্রমিকরা সবাই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্শিয়াল কন্ট্রাক্টস লিমিটেডে কর্মরত ছিলেন বলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানিয়েছেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর আহতদের সুচিকিৎসার উদ্যোগ নিয়েছে দূতাবাস।

পুরনো খবর:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত