রোজায় খাদ্যে ভেজাল সহ্য করা হবে না: মেয়র খোকন
রোজার মাসে খাদ্যে কোনো ধরনের ভেজাল সহ্য করা হবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
নগর ভবনে মঙ্গলবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, খাদ্যে ভেজাল রোধে সিটি করপোরেশনের আওতাধীন এলাকার পাঁচটি অঞ্চলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
“খাদ্যে ভেজাল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জিরো টলারেন্স দেখাবে। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেব না।”
ব্যবসায়ীদের সামনে রেখে মেয়র বলেন, সিটি করপোরেশনের ভেজালবিরোধী যে অভিযান চলছে তা রোজার মাসে আরও জোরদার করা হবে।
“কোনোক্রমে কোনো রোজাদার ভাই কিংবা কোনো নাগরিক এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে ডিএসসিসি পিছপা হবে না। এজন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে খাদ্যে ভেজাল যাতে না হয় সেদিকে নজর রাখবেন।”
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব রেজাউল করিম রবিন রমজানে বিশুদ্ধ খাবার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে সিটি করপোরেশনের সহায়তা চান।
তিনি বলেন, “মানুষের একটা ধারণা তৈরি হয়েছে যে হোটেল রেস্টুরেন্টে পচা বাসি খাবার খাওয়ানো হয়। আমরা এটা থেকে পরিত্রাণ চাই। সেজন্য এর আগের দুই বছরের মত এবারও হোটেল রেস্টুরেন্টগুলো নজরদারিতে রাখতে চাই। এজন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে দিলে ভালো হয়।
মেয়র খোকন রোজার সময় ফলে ফরমালিন না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বার এর মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ক্লাব-বারের প্রতিনিধি ও ফল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
