বরাদ্দ ফ্লাটে এমপি না থাকলে বিদ্যুৎ বন্ধের সুপারিশ
রাজধানীর নাখালপাড়া ও মানিক মিয়া অ্যভিনিউয়ে সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটে (ন্যাম ফ্লাট) এমপি বা তার পরিবারের সদস্যদের বদলে অন্য কেউ বসবাসের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে সংসদ কমিটি।
এই কমিটি সংসদ সদস্যদের আবাসন, ন্যামফ্লাটের নিরাপত্তা, অফিস বরাদ্দসহ বিভিন্ন বিষয় তদারকি করে। সোমবার সংসদ ভবনে কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনেক সংসদ সদস্য বরাদ্দ ফ্ল্যাটে নিজে না থেকে ব্যক্তিগত কর্মকর্তা বা ড্রাইভারকে থাকতে দিচ্ছেন বলে গণমাধ্যমে খবর এসেছে বিভিন্ন সময়ে। গত দশম সংসদে এরকম কয়েকজন এমপিকে চিঠিও দেওয়া হয়েছিল ওই সময়ের সংসদ কমিটির পক্ষ থেকে।
সোমবরের বৈঠকে জাতীয় সংসদের বন্ধ থাকা ৭ নম্বর গেইট (বিমান মোড়) খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ওই গেইট দিয়ে কেবল সংসদ সদস্য, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের চলাচলের সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়।
এছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের জন্য অফিস কক্ষ বরাদ্দ এবং নাখালপাড়ার ১, ২ ও ৩ নম্বর সংসদ–সদস্য ভবন সংসদ সদস্যদের জন্য রেখে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ভবনের প্রশাসনিক নিয়ন্ত্রণ অস্থায়ী ভিত্তিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কাছে হস্তান্তর করার সুপারিশ করা হয় বৈঠকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ-সদস্য ভবনে একটি মসজিদ নির্মাণের সম্ভাব্যতা যাচাই, বন্ধের সময়ে সংসদ সদস্য ভবনে পরিচ্ছন্নতাকর্মী অব্যাহত রাখা, হুইপদের বাসভবনগুলো যথাযথভাবে সংস্কার করা এবং সংসদের সব জায়গায় একই ধরনের বৈদুতিক বাতি লাগানোর সুপারিশ করা হয় বৈঠকে।
মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলের নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য নূর মোহাম্মদের নেতৃত্বে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয় এদিন। কমিটির অন্য সদস্যরা হলেন আবু জাহির এবং শওকত হাচানুর রহমান (রিমন)।
কমিটির সভাপতি হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, মাহবুব আরা বেগম গিনি, আবু জাহির, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক এবং শওকত হাচানুর রহমান (রিমন) এদিন বৈঠকে অংশ নেন।
এছাড়া বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী , হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কোষাধ্যক্ষ এনামূল হক, সাবেক প্রধান হুইপ আসম ফিরোজ এবং আব্দুস শহীদ বৈঠকে উপস্থিত ছিলেন।
