২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে চুক্তি হচ্ছে

লেবাননের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 08:45 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘এগ্রিমেন্ট অন কালচারাল কো-অপারেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য রিপাবলিক অব লেবানন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শীর্ষক খসড়ার অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন জানান, দুই দেশের মধ্যে সংস্কৃতি, কৃষ্টি ও ঐহিত্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্য নিয়ে এই চুক্তি হবে।

“সভা, সেমিনার ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে উভয় দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় হবে। চারুকলা, শিল্পকলা, শিল্প-সাংস্কৃতি ও অন্যান্য সাংস্কৃতিক মাধ্যমে উভয় দেশের সাংস্কৃতিকে সমৃদ্ধ করা হবে।”

চুক্তির আওতায় বিভিন্ন প্রকাশনা ও গবেষণা ছাড়াও সাংস্কৃতি শিল্পকলা সংরক্ষণে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা হবে জানান শামসুল।

লেবাননের সঙ্গে কেন এই চুক্তি হচ্ছে- সেই প্রশ্নে সচিব বলেন, সাংস্কৃতিক চুক্তি তো অনেক দেশের সঙ্গে হয়েছে। লেবানন সাংস্কৃতিকভাবে অনেক উন্নত একটি দেশ। সেই বিবেচনায় লেবাননের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি হচ্ছে।