শ্রীলঙ্কায় হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক
শ্রীলঙ্কায় বোমা হামলায় হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন জানিয়েছেন।
তিনি বলেন, শ্রীলঙ্কায় বোমা হামলায় ২৫৩ জন নিহত ও ৫০০ জন আহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
শামসুল আরেফিন বলেন, “মন্ত্রিসভা জায়ানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আল্লাহ যেন তাদের শোক বহন করার ক্ষমতা প্রদান করেন সেই প্রার্থনা করেছে।”
জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সও ওই ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে কলম্বো থেকে নিয়ে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।
মন্ত্রিসভা প্রিন্সের দ্রুত আরোগ্য কামনা করেছে বলেও জ্যেষ্ঠ সচিব শামসুল আরেফিন জানান।
