জঙ্গিবিরোধী গণসংযোগ সপ্তাহ শুরু করেছে ডিএমপি
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জঙ্গিবিরোধী গণসংযোগ সপ্তাহ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।
রোববার শুরু হয়ে এ গণসংযোগ সপ্তাহ চলবে ৪ মে পর্যন্ত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, “ডিএমপির ৫০টি থানায় সংশ্লিষ্ট বিট অফিসার এলাকাবাসীকে নিয়ে উঠান বৈঠক করবেন। কমিউনিটি পুলিশের মাধ্যমে সভার আয়োজন করা হবে।”
পাড়া-মহল্লার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সভার আয়োজন করবে ঢাকা মহানগর পুলিশ।
এসব সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে পুলিশের পদক্ষেপ ও জনগণের করণীয় বিষয়ের উপর আলোচনা করা হবে।
মাসুদুর রহমান বলেন, “সম্প্রতি শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী কার্যক্রম এবং বাংলাদেশে ইতোপূর্বে সংঘটিত সন্ত্রাসী ঘটনার পেছনে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুসঙ্গ রয়েছে যার ব্যাপ্তি ও পরিধি ব্যাপক ও বিস্তৃত। এ রকম একটি সমস্যা শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নিরসন করা সম্ভব নয়।”
সর্বসাধারণের ব্যাপক এবং সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমেই একটি রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখা সম্ভব বলে মনে করেন তিনি।
ডিএমপির ৩০২টি বিট সক্রিয় ও কার্যকর করে ধারাবাহিকভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার জন্য এ গণসংযোগ।
এ লক্ষ্যে পারিবারিক ও সামাজিক উদ্যোগ নিয়ে বিভিন্ন পরামর্শ তালিকা আকারে প্রচার করছে ঢাকা মহানগর পুলিশ।
- পরিবার থেকে সন্তানদের নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও সহাবস্থানের চর্চা শেখানো; |
সন্তানের আচরণে বিশেষ কোনো পরিবর্তন নজরে নিতে পরিবারের দৃষ্টি আকর্ষণ করেও পরামর্শ দিয়েছে ডিএপি। ভিন্নমতাবলম্বীদের প্রতি ঘৃণা প্রকাশ, ভিন্ন মতাদর্শীদের কাফেল, মুরতাদ, তাগুত অভিহিত করা, বাঙালি সংস্কৃতিতে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর মত আচরণ আমলে নেওয়ার কথা বলছে পুলিশ।
এছাড়া নতুন ভাড়াটিয়াদের ক্ষেত্রে সব সময় দরজা-জানালা বন্ধ রাখা, প্রতিবেশির সঙ্গে মেলামেশা না করা, বাসায় টেলিভিশনসহ বিনোদনের কোনো মাধ্যম না রাখার মত কোনো ধরনের অস্বাভাবিক আচরণ দেখলে পুলিশের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, সঠিক সময়ে উগ্রবাদের লক্ষণগুলো চিহ্নিত করা সম্ভব হলে সহিংস উগ্রবাদে জড়িয়ে পড়ার আগেই একজন ব্যক্তিকে সংশোধন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা যেতে পারে।
