২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধমানকাণ্ডের ৩ রোহিঙ্গা ঢাকায় বিস্ফোরক মামলায় দণ্ডিত

ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিন রোহিঙ্গা জঙ্গিকে ঢাকায় বিস্ফোরক আইনের একটি মামলায় দশ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 03:25 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

রোববার ঢাকার চার নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। 

প্রায় সাড়ে চার বছর আগে রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পাশের রাস্তা থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করার পর তাদের বিরুদ্ধে এ মামলা হয়েছিল।

দণ্ডিত তিন আসামি হলেন- মোহাম্মদ নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত  এবং ওমর করিম।

দশ বছরের সাজার রায়ের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার টাকা দিতে না পারলে আরও ছয় মাস জেলে কাটাতে হবে তাদের।

মিয়ানমারের নাগরিক ওই তিন রোহিঙ্গাকে ২০১৪ সালের ৩০ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি ডেটোনেটর, দুটি এক্সপ্লোসিভ জেল এবং বিস্ফোরক তৈরির উপাদান।

পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দলের উপপরিদর্শক এস এম রাইসুল ইসলাম পরদিন লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ) ও নেদারল্যান্ডসভিত্তিক এনজিও গ্লোবাল রেহিঙ্গা সেন্টারের (জিআরসি) সঙ্গে জড়িত।

বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গেও তাদের যোগাযোগ ছিল বলে পুলিশের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ কমিশনার কৃষ্ণপদ রায় সে সময় জানিয়েছিলেন, ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনার পর আন্তঃদেশীয় জঙ্গি নেটওয়ার্কের খোঁজে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দাদের মধ্যে যে তথ্য বিনিময় হয়েছে তার ভিত্তিতেই ওই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হন, যারা জেএমবির ভারতীয় শাখার সদস্য ছিলেন। ওই বিস্ফোরণের মধ্য দিয়ে জেএমবি, ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও আল জিহাদের সম্পৃক্ততায় গড়ে ওঠা ‘আন্তঃদেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ক’ এর তথ্য বেরিয়ে আসে।

আসামিদের মধ্যে নূর হোসেনের বাড়ি মিয়ানমারের আকিয়াবের দানেশপাড়া এলাকায়। ইয়াসির আরাফাতের বাড়ি আকিয়াবের মংডু থানার হাসুরাধা গ্রামে। আর ওমর করিমের বাড়ি আকিয়াবের পাথরকিল্লার তিফারাং এলাকায়।

শরণার্থী হিসেবে বাংলাদেশে আসার পর তারা টেকনাফের শাহপরীর দ্বীপের দিলপাড়া এলাকায় বসবাস শুরু করেন। আরাফাত চট্টগ্রামের পটিয়া আল জামিয়া কওমী মাদ্রাসায়, নূর হোসেন হাটহাজারীর ইছাপুর মাদ্রাসায় এবং ওমর করিম হাটহাজারীর ফতেপুর মাদ্রাসায় পড়াশোনা করেন।

পুলিশের উপপরিদর্শক আবদুল কাদের মিয়া ২০১৫ সালের ৩রা মার্চ ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালত অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু করে। রাষ্ট্রপক্ষে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার তিনজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন সালাহউদ্দিন হাওলাদার এবং সাবিনা আক্তার দীপা।

রায়ের পর সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার আদালতে কোনো রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে এটিই প্রথম রায়।

পুরনো খবর:

বর্ধমানকাণ্ডে সন্দেহভাজন ৩ রোহিঙ্গা জঙ্গি ঢাকায় আটক