২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ, সন্ত্রাস, আর মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 08:59 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

শনিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের সকল অভিভাবক, পিতামাতা, শিক্ষক, গুরুজন, আত্মীয়-স্বজন এবং আমাদের মসজিদের ইমাম মোয়াজ্জিন থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আজকে জঙ্গিবাদ সন্ত্রাস, মাদক সমাজের জন্য খারাপ।

“এই জঙ্গিবাদের কারণে, সন্ত্রাসের কারণে কত নিরীহ মানুষ জীবন দিচ্ছে। এর থেকে আমাদের দেশকে মুক্ত রাখতে হবে, সমাজকে মুক্ত রাখতে হবে। কাজেই আমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনমত গড়ে তোলা এবং সকলকে সচেতন করবার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “আমাদের ছেলে মেয়েরা যাদের মেধা, মনন রয়েছে, তাদের সেটা বিকশিত করার সুযোগ আমরা করে দিচ্ছি।

“খেলাধুলায় আরও বেশি উৎকর্ষতা অর্জন হোক সেটাই আমি চাই। এজন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করব।”

শেখ হাসিনা বলেন, “আমি এইটুকু বিশ্বাস করি ভবিষ্যতে এই ছেলেমেয়েদের মধ্য থেকেই কেউ না কেউ মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, সংসদ সদস্য হবে, শিক্ষক হবে, ক্রিড়াবিদ হবে। সেজন্য আমরা আমাদের ছেলেমেয়েদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত গড়ে তুলিতে চাচ্ছি।

শিক্ষা, ক্রিযা,,সংস্কৃতি চর্চা প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুন সমাজ,যুব সমাজ, শিশু সবাই সম্পৃক্ত হবে এবং নিজেদের গড়ে তুলবে। আমরা খেলাধুলার প্রতিযোগিতা যেমন প্রাথমিক পর‌্যায় থেকে স্কুল পর‌্যায়ে নিয়ে এসেছি তেমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি এবং বেসরকারি সম্পৃক্ত। ভবিষ্যতে আমরা আন্ত:কলেজ প্রতিযোগিতা শুরু করবো। এতে আমরা ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় পাব। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করবো। এক সময় আমরা বিশ্বকাপ জয় করবো বলেও মন্তব্য করেন তিনি।  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও মন্ত্রণারয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দীন অনুষ্ঠানে বক্তব্য দেন।

অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল-ইসলাম জ্যাকব, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ এর আয়োজক কমিটির চেয়ারম্যান নাহিম রাজ্জাক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।