সুবর্ণচরে ধর্ষণ: আইনি পদক্ষেপ নিয়ে হাই কোর্টের প্রশ্ন
নোয়াখালীর সুবর্ণচরের চর মাকসুমুল গ্রামে ‘ধর্ষণের শিকার’ গৃহবধূ পলি আক্তারের ‘বিষপানে আত্মহত্যার’ ঘটনায় আইনগত যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছে হাই কোর্ট।
ধর্ষণ ও আত্মহত্যার ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না’ এবং ধর্ষণের মত অপরাধ মীমাংসার নামে তথাকথিত সালিশী বৈঠক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্থানীয় সরকার (এলজিআরডি) সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক, সুবর্ণচর থানার ওসি, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্যসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
শুনানিতে বিচারক বলেন, “নৈতিক অবক্ষয়ের কারণেই দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই প্রায় ১৫-১৬টা ধর্ষণের ঘটনা দেখতে পাই।
“এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এই সচেতনতা সৃষ্টিতে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনীতিবিদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
নৈতিক অবক্ষয়ের কারণে ‘দেড় বছরের শিশু থেকে ছয় সন্তানের জননীও’ ধর্ষণের শিকার হচ্ছেন মন্তব্য করে বিচারক বলেন, এ জন্য রাজনীতিবিদ ও শিক্ষকদের সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে।
এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাশার ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনা তুলে ধরে বলেন, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা যে নৈতিক শিক্ষা শিখবেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধেও তো যৌন নিপীড়নের অভিযোগ এসেছে।
বিচারক তখন বলে, “গভর্নিং বডিতে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা থাকেন, এই অধ্যক্ষের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ এসেছে। তখন গভর্নিং বডির দায়িত্বশীল সদস্যরা যদি অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত, তাহলে নুসরাতের এই করুণ পরিণতি হত না।”
রিটকারী আইনজীবী মুনতাসির মাহমুদ শুনানিতে বলেন, “সুবর্ণচরের পলি আক্তারের ধর্ষণের ঘটনাটি ৬০ হাজার টাকায় মীমাংসা করে দেন স্থানীয় ইউপি সদস্য নুরু। পরে ধর্ষক আলাউদ্দিনকে ছেড়ে দেওয়া হয়।”
আদালত তখন জানতে চায়, ফৌজদারি কোনো মামলা হয়েছে কি না। সেই ইউপি সদস্যকে আসামি করা হয়েছে কি না। ধর্ষণের মামলা না হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা কেন হল?
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তখন বলেন, দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। এ ধরনের ঘটনা গ্রাম আদালতে বিচারের সুযোগ নেই।
“ইউপি সদস্য বেআইনিভাবে এ কাজ করেছেন। আত্মহত্যার শিকার ওই নারীর বাবা থানায় মামলা করেছেন।”
এ পর্যায়ে বিচারক বলে, “মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবা ধর্ষণের মামলা না করে আত্মহত্যায় প্ররোচণার মামলা কেন করল? তাকে কি ফোর্স করে এটা করানো হয়েছে? যেভাবে বলা হচ্ছে তাতে তো ধর্ষণের অভিযোগ আসে না। তার হাজবেন্ড এখন কী বলে? তার স্টেটমেন্ট নেই?”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাশার তখন বলেন, “মেয়েকে হারিয়ে বাবা শোকার্ত। কন্যাহারা পিতা। এ শোকার্ত অবস্থায় তিনি মামলাটা করেছেন। তাছাড়া উনি তো ভাল বোঝেনও না, জানেনও না আইন সম্পর্কে।
“ফৌজদারী অপরাধের ক্ষেত্রে রাষ্ট্র হল বাদী। আর যদি এ ধরনের ঘটনায় মামলা ভুল ধারাতে হয়েও থাকে বা আদালত যদি মনে করে যে ধারায় পরিবর্তন আসা দরকার, তাহলে তা হতে পারে।”
এরপর আদালত রুল জারি করে আদেশ দেয়।
সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামের ইউসুফ সোহাগের স্ত্রী পলি আক্তার (২২) ‘বিষপান করে আত্মহত্যা’ করেছেন বলে গত ২ মার্চ তার শ্বশুরবাড়ির তরফ থেকে জানানো হয়।
পলির শ্বশুর নূর করিম সেদিন সাংবাদিকদের বলেন, আগের রাতে বাড়িতে কেউ না থাকায় ওই এলাকার আলাউদ্দিন সুযোগ বুঝে ঘরে ঢুকে পলিকে ধর্ষণ করে।
“পলির চিৎকার শুনে আশপাশের লোকজন আলাউদ্দিনকে আটক করে। রাতেই সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। অপমান সইতে না পেরে পলি বিষপান করে।”
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম সেদিন সাংবাদিকদের বলেন, পলিকে হাসপাতালে নেওয়া হয়েছিল মৃত অবস্থায়। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
ধর্ষণ ও বিষপানে আত্মহত্যার ওই ঘটনা গত ৪ মার্চ হাই কোর্টের নজরে এনে রিট আবেদন করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান।
