২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটাক্ষ: স্থায়ী জামিন পেয়েছেন বাফুফের কিরণ

প্রধানমন্ত্রীকে ‘কটাক্ষ’ করার অভিযোগে হওয়া মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2019, 06:19 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।

এছাড়া মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে কিরণের বিদেশে না যাওয়ার জন্য যে আবেদন করা হয়েছে তার আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন বিচারক।

গত ২ এপ্রিল মামলাটির শুনানির তারিখ ছিল। ওইদিন কিরণ আদালতে উপস্থিত হননি। কিরণের আইনজীবী তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন।

 অপরদিকে, কিরণের জামিন বাতিল চেয়েও আবেদন করেন বাদীর আইনজীবী রেফায়েতুল করিম লেলিন।

এ মামলার বাদী আবু হাসান চৌধুরী প্রিন্স ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক।

আবেদনগুলোর ওপর শুনানির জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেছিলেন বিচারক।

গত ১৬ মার্চ কিরণের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান। ১৯ মার্চ ১০ হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী।

গত ১২ মার্চ মামলা আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী।  ১৬ মার্চ দুপুরে ধানমন্ডি কেয়ারি প্লাজার পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযোগ, ওই সংবাদ সম্মেলনে কিরণ বলেছিলেন, “পিএম (প্রধানমন্ত্রী) হিসাবে সব খেলাই তার কাছে সমান। তিনি সেখানে কেন দু’চোখে দেখবেন। মেয়েরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। গিফট তো পরের কথা। অভিনন্দন তো দিতে পারেন। মিডিয়াতে কি কোনো অভিনন্দন জানিয়েছেন?

“বিএফএফের (বাফুফে) টাকা কেন প্রধানমন্ত্রীর হাত দিয়ে দেওয়া হবে? প্রধানমন্ত্রীর সাথে বিসিবির অনেক স্বার্থ আছে। বিসিবি সরকারের অনেক ফ্যাসিলিটিজ নেয়। চুন থেকে পান খসলেই প্লট পেয়ে যায়, গাড়ি পেয়ে যায়। বিএফএফ সরকারের কাছে থেকে কোনো ফ্যাসিলিটিজ নেয় না।”

কিরণের এমন বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়। তার এমন বক্তব্যে বাদীর ৫০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে আদালতে মামলাটি করা হয়।

গত ১২ মার্চ ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে আবু হাসান চৌধুরী প্রিন্স মামলাটি দায়ের করেন।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীকে কটাক্ষ: বাফুফের কিরণের জামিন