আড্ডা-গল্পে বর্ষবরণ বিডিনিউজ টোয়েন্টিফোরে
বর্ষবরণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঘরোয়া আয়োজন রঙিন হয়ে উঠেছিল দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের দ্যুতিতে।
বাঙালির প্রাণের উৎসবের দিনে বাংলাদেশের সর্ববৃহৎ সংবাদ প্রকাশকের এই আয়োজনে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, প্রশাসনিক অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগ দিয়ে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা দিয়েছিলেন বিদেশি এক ঝাঁক কূটনীতিক।
রোববার দিনমান তারা সবাই আড্ডা আর গল্পে মশগুল ছিলেন এই আয়োজনে; ফাঁকে ফাঁকে চলছিল বৈচিত্র্যময় খাবার পরিবেশন, বৈশাখের অনুষঙ্গ মুড়ি-মুড়কির পাশাপাশি পান্তা-ইলিশের স্বাদও নেন তারা।
নানা পেশা-নানা অঙ্গনের নানা মতের এই ব্যক্তিদের আলাপে দূরত্বের বদলে ছিল নৈকট্যের সুর, যার সব কিছুর কেন্দ্রে ছিল বাংলাদেশ।
বৈশাখের এই আয়োজনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে একসাথ হয়েছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
তাদের সঙ্গী হয়েছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাসদের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বাঙালিয়ানার এই আয়োজনে স্ত্রীকে নিয়ে এসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তার সঙ্গে এসেছিলেন ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি,ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রপ পিটারসেন, জাপানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাকেশি ইতোসহ বেশ কয়েকজন কূটনীতিক ছিলেন এই অনুষ্ঠানে। তাদের মধ্যে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া এসেছিলেন স্ত্রীকে নিয়ে।
বৈশাখী এই আয়োজনে মিষ্টি হাসিতে সবাইকে মাতিয়েছিলেন সাবেক সংসদ সদস্য, অভিনেত্রী সারাহ বেগম কবরী; আরেক অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দাও আলো ছড়ান অনুষ্ঠানে। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেতা-নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী অভিনেত্রী জয়শ্রী কর জয়া।
সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি এই এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম যোগ দেন এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বাঙালি সাজে এসেছিলেন বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, আব্দুল করিম, কামাল চৌধুরীসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদও এসেছিলেন এই বৈশাখী আয়োজনে। ছিলেন বিমসটেকের মহাসচিব শহিদুল ইসলাম। এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান এসেছিলেন স্ত্রী তাহমিদা হান্নানকে সঙ্গে নিয়ে।
ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন মীর গ্রুপের কর্ণধার মীর নাসির হোসেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খানও আসেন তার স্ত্রীকে সঙ্গী করে।
পাকিস্তান গণপরিষদে প্রথম মাতৃভাষা বাংলার মর্যাদার দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সমাজকর্মী ও সংসদ সদস্য আরমা দত্ত এবং শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরীও এসেছিলেন এই অনুষ্ঠানে। নুজহাতের স্বামী ডা. মামুন আল মাহতাবও ছিলেন অনুষ্ঠানে।
প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, এশিয়ান এজের সম্পাদকমণ্ডলীর সভাপতি শোয়েব চৌধুরীও যোগ দেন এই উৎসব আয়োজনে।
অতিথিদের আপ্যায়নে সহকর্মীদের নিয়ে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
কাঁচা আমের শরবত, তেঁতুলের রস, ডাবের পানি দিয়ে শুরু হয় অতিথিদের আপ্যায়ন পর্ব। খই, বাতাসা, কদমা, মুরালি, মুড়ি-মুড়কি, তিলের খাজা, নাড়ুসহ বৈশাখী নানা খাবারের সঙ্গে ছিল সিঙ্গারা, ডালপুরি, চটপটি।
মূল খাবারে গরুর আচারি মাংস, মুরগি ভুনা, খাসির রেজালা, লইট্যা শুঁটকি, শুঁটকি ভুনা, ছুরি শুঁটকি, মলা মাছের চচ্চড়ি, চিংড়ি করলার পাশাপাশি ছিল কয়েক ধরনের ইলিশ রান্না ও ইলিশের ডিম, কচুর লতি দিয়ে রান্না ইলিশের স্বাদও নেন অনেকে।
ভর্তার মধ্যে ছিল চিংড়ি, বেগুন, কালিজিরা, টমেটো, আলু, শিম, ডালসহ বেশ কয়েকটি ব্যঞ্জন।
সাদা ভাত ও লাল ভাতের পাশাপাশি ছিল পান্তারও ব্যবস্থা। ছিল ঢেকি ছাঁটা চালের ভাতও। সেই সঙ্গে ছিল খিচুড়ি।
আয়োজনের শেষে মিষ্টিমুখের জন্য ছিল রস মালাই, রস গোল্লা,দই, পায়েস, তরমুজ। বাঙালিয়ানার পূর্ণতা দিতে পান-সুপারিও ছিল অনুষ্ঠানে।
