২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে নারীর লাশ উদ্ধার

ঢাকার মোহাম্মদপুরে এক নারীর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2019, 01:14 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

ঢাকা উদ্যানের একটি টিন শেড বাসা থেকে শনিবার সকালে লাশ উদ্ধার করা হয়।

এই নারীকে হাত-পায়ের রগ কেটে এবং মাথা থেতলে হত্যা করা হয়েছে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের ৭ নম্বর টিনশেড বাসার একটি কক্ষ থেকে প্রায় ৩০ বয়সী এই নারীর লাশ উদ্ধার করা হয়।

“তার দুই পায়ে গোড়ালীর উপরে রগ কাটা, বাম হাতে কব্জির রগ কাটা, মাথার উপর অংশ থেতলানো অবস্থায় পাওয়া যায়।”

গত ৬ এপ্রিল স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এই নারীর সঙ্গে এক পুরুষ কক্ষটি ভাড়া নিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ কর্মকর্তা শরিফ বলেন, “সকালে অন্য একটি কক্ষের এক মহিলা বাথরুমে গিয়ে দেখে একটি চাকু বাঁকা হয়ে পড়ে আছে। এই চাকু কার- খোঁজ নিতে গিয়ে নতুন ভাড়াটিয়ার কক্ষের জানালা দিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে আছে।”