২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বজলুর রহমান পদক’ পেলেন ফখরে ও শিল্পী

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০১৮’ পেয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম এবং একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শিল্পী মহলানবীশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 10:59 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই দুই সাংবাদিকের হাতে পদক ও এক লাখ টাকার চেক তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

কালের কন্ঠে ধারাবাহিকভাবে প্রকাশিত ‘স্মৃতিময় একাত্তর’ শিরোনামের প্রতিবেদনের জন্য ফখরে আলম এবং একাত্তর টেলিভিশনে প্রচারিত ‘মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান’ শিরোনামের প্রতিবেদনের জন্য শিল্পী মহলানবীশ পুরস্কৃত হলেন।

সংবাদ সম্পাদক বজলুর রহমান ২০০৮ সালে মারা যাওয়ার পর তার পরিবার ও বন্ধুদের সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য এই পুরস্কার প্রবর্তন করে।

বজলুর রহমানের স্মৃতিচারণ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণতন্ত্রকে সুসংহত করতে তার লেখনী চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে দায়িত্বশীল, সৎ ও যোগ্য সাংবাদিক তৈরিতে বজলুর রহমানের আদর্শ সাংবাদিক সমাজকে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার উপর জোর দেন।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদদের নামের তালিকা এখনও অসম্পূর্ণ। সেক্ষেত্রে ৩০ লাখ শহীদের তালিকা আমাদের জীবদ্দশায় সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে হয় না। সে কারণেই মুকিাতযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার প্রয়োজনীয়তা অপরিসীম।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী।

জাদুঘরের ট্রাস্টি কবি ও স্থপতি রবিউল হুসাইন, পুরস্ককারের জন্য মনোনীতদের নির্বাচনে গঠিত জুরি বোর্ডের সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস, খন্দকার মুনীরুজ্জামান অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন।