চোরাই পথে বিএমডব্লিউ আনায় ৫ বছরের কারাদণ্ড
চোরাই পথে বিএমডব্লিউ গাড়ি আমদানির এক মামলায় শাহীন পাটোয়ারী নামে এক ব্যবসায়ীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকার ১৬ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পেশকার গোলাম নবী এ রায় সম্পর্কে আদালতপাড়ার সাংবাদিকদের জানান।
দণ্ডিত শাহীন পলাতক রয়েছে। তিনি সিলেটের কোতয়ালী থানার ১৬৬, কাজলশাহর বাসিন্দা মো. আক্তারুজ্জমান পাটোয়ারীর ছেলে।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া রায়ে ৩ কোটি টাকা মূল্যমানের জব্দকৃত ওই গাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।
রায়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার গুলশান লিংকরোডস্থ মেসার্স শাকিল আহমেদ ট্রেডিংয়ের (মটর হল) মালিক মো. শাকিল আহমেদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
রায়ের বিবরণে বলা হয়, ২০১৪ সালের ২৫ অগাস্ট রাজস্ব বোর্ডের সেন্টাল ইন্টেলিজেন্স সেলের একটি বিশেষ টিম তেজগাঁওয়ের মেসার্স শাকিল আহমেদ ট্রেডিং থেকে বিএমডব্লিউ ঢাকা মেট্টো-০-৫৫৩ গাড়িটি জব্দ করে। গাড়িটি শুল্ক পরিশোধ ব্যতিরেকে ‘কার্নেট ডি প্যাসেজ’ সুবিধায় লন্ডন থেকে কলকাতা বন্দরে আমদানি করেন শাহীন পাটোয়ারি। পরে গাড়িটি অবৈধ পথে বাংলাদেশে আনা হয়। বাংলাদেশে আনার পর ভাস্কর নামে এক ব্যক্তি গাড়িটি লোন পরিশোধের জামানত হিসেবে মেসার্স শাকিল আহমেদ ট্রেডিংয়ে (মটর হল) রেখে যান।
ওই ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুল ইসলাম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিশেষ ক্ষমতা আইনে দুই জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ওই থানার এসআই মোশারফ হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে আটজনের সাক্ষ্য শুনে বিচারক এ রায় দেন।
