নারায়ণগঞ্জে ‘চাঁদাবাজদের হুমকিতে’ স্ত্রী-সন্তান নিয়ে ঠিকাদার ‘ঘরছাড়া’
নারায়ণগঞ্জের মদনপুরে চাঁদাবাজদের প্রাণনাশের হুমকিতে এক ঠিকাদার স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন।
তিনি বলছেন, বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে গেলে সেখানে সবার সামনে পিস্তল উঁচিয়ে তাকে শাসানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের সহযোগিতা না পেয়ে সাংবাদিকদের সামনে এসেছেন বলে ঠিকাদার মো. মনির হোসেনের ভাষ্য।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে সংবাদ সম্মেলন করেন মনির হোসেন।
নারায়ণগঞ্জের বন্দর থানার বাসিন্দা মনির লিখিত বক্তব্যে বলেন, “গত চার বছর ধরে জাঙ্গাল এলাকার নির্মাণাধীন ক্যান্সার রিচার্স ফাউন্ডেশন নামক হাসপাতালে বালু ভরাটসহ বিভিন্ন কাজ করি। স্থানীয় বন্দর থানার ঢোলা গ্রামের মো. আলীনূর, শাহীনুর, রানা, আবুল ও মফিজ বেশ কিছু দিন ধরে আমার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
“এমনকি আমাকে গুলি করে মারার হুমকিও দিয়েছে। তাদের ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ সাহেবের কাছে বিচার নিয়ে গেলে চেয়ারম্যানের সামনেই সন্ত্রাসীরা আমাকে চাঁদা না দিলে গুলি করে হত্যা করবে বলেছে। বিচার না পেয়ে আমি এখন সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি।”
এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মনির হোসেন বলেন, “থানায় কয়েকবার লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তারা থানা ঠিক করে রেখেছে।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে সোমবার একটি অভিযোগ দিয়েছেন জানিয়ে তার অনুলিপি সাংবাদিকদের মাঝে বিলি করেন মনির।
সেখানে লেখা রয়েছে, “উল্লেখিত সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে আমার বাড়িতে কয়েক দফা হামলা করেছে। এমনকি মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেনের কার্যালয়ে বহু মানুষের সামনেই তারা পিস্তল বের করে আমাকে গুলি করার চেষ্টা করেছে। এমনকি চব্বিশ ঘণ্টার মধ্যে টাকা না দিলে যেখানে পাবে সেখানে মেরে ফেলা হবে বলেছে।
“আমি এই সন্ত্রাসীদের ভয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে গেলে কোনো বিচার পাই না। আমি আমার পরিবারের লোকজনদের নিরাপত্তা চাই ও সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে চাই।”
ঘটনার সত্যতা জানতে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে মনিরের স্ত্রী ও মেয়ে ছিল।
