ঢাকায় পুলিশের ‘ডিজিটাল কার পার্কিং’
রাজধানীর কেন্দ্রস্থলে অল্প জায়গায় বেশি গাড়ি রাখার একটি স্থান তৈরি করছে পুলিশ।
সচিবালয়ের পাশে আব্দুল গণি রোডে ডিএমপির সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে মঙ্গলবার এই ‘ডিজিটাল কার পার্কিং’ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
৮ তলাবিশিষ্ট এই গাড়ি রাখার এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে পুলিশ সদর দপ্তর উন্নয়ন শাখা-১। এটি তৈরিতে কারিগরি সহায়তা দিচ্ছে আজিজ অ্যান্ড কোম্পানি লিমিটেড।
উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, “আমাদের অপ্রতুল জায়গার তুলনায় অধিক গাড়ি হওয়ায় পার্কিং একটি বড় সমস্যা। এই ডিজিটাল কার পার্কিং একটি সময় উপযোগী ব্যবস্থা। বিশ্বের অনেক দেশে এমন কার পার্কিং ব্যবস্থা রয়েছে। এখানে একসাথে ৩৪টি গাড়ি পার্ক করতে পারবে।”
এটা একটি পরীক্ষামূলক ব্যবস্থা জানিয়ে তিনি বলেন, “পরীক্ষামূলক সময়ের মধ্যে কার পার্কিংয়ের সুবিধা-অসুবিধা যাচাই করে মতামতের ভিত্তিতে ভবিষ্যতে আরও ডিজিটাল কার পার্কিং তৈরি করা হবে।”
পরীক্ষামূলক ‘ডিজিটাল কার পার্কিং’য়ের 'এ' ও 'বি' দুটি ইউনিটে ১৭টি করে মোট ৩৪টি গাড়ি রাখা যাবে। সপরিমাণ স্থানে আগে সর্বোচ্চ ৬টি গাড়ি রাখা যেত বলে পুলিশ জানায়।
