রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার বিকালে এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের নেতৃত্বে কোর্সে অংশগ্রহণকারীরা বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন. সংসদ সদস্য, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, বেসামরিক আমলা, সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষদের সমন্বয়ে এই কোর্সের আয়োজন করা হয়, যার মাধ্যমে সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মত বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
“এর ফলে সমাজে মত-পার্থক্য নিরসনের সুযোগ সৃষ্টি হয়। নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের ফোরাম কার্যকর ভূমিকা রাখতে পারে।“
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, কোর্সে অংশগ্রহণকারী সদস্যরা তাদের অর্জিত জ্ঞান জাতি গঠনমূলক কাজে কাজে লাগাবে।
এর আগে কমান্ডেন্ট মামুন খালেদ কোর্সের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
