২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন নির্মাণের সময়ই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: হানিফ

পরে যেন সমস্যা নয় হয়, সেজন্য ভবন নির্মাণের সময়ই নিরাপত্তার সব বিষয় নিশ্চিতে জোর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 12:28 AM

Updated : 18 Aug 2022, 05:06 PM

সোমবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি আয়োজিত ‘ভবনের কর্মদক্ষতাভিত্তিক অগ্নি সুরক্ষা : বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

বনানীর এফআর টাওয়ারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর ঢাকার বহুতল বিভিন্ন ভবনে নির্মাণ ও নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ পাচ্ছে।

হানিফ বলেন, “দেশে অর্থনৈতিক উন্নতির কারণে সুউচ্চ ভবন নির্মাণ হচ্ছে। তবে বিল্ডিং কোড না মানায় ভবনে ঝুঁকি বাড়ছে। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে এটা স্পষ্ট হয়েছে। এই দুর্ঘটনার পর সরকার থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

“একটা দুঘটনা ঘটে সরকার থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়। কিছু পর মানুষ ভুলে যায় আর কিছু হয় না। তবে আমি মনে করি এবার যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। ভবন নির্মাণের সময়ই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারসহ অন্যান্য ইঞ্জিনিয়ারদের পাশাপাশি একজন ফায়ার প্রটেকশন ইঞ্জিনিয়ার দরকার। এর জন্য ‘ফায়ার প্রটেকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।”

ভবনে নিম্নমানের বৈদ্যুতিক তার ও সুইচ ব্যবহারের জন্য প্রকৌশলীদেরও দায়ী করেন ক্ষমতাসীন দলের নেতা হানিফ।

তিনি বলেন, “সরকারি ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরদের যোগসাজশে খরচ কমাতে নিম্নমানের বৈদ্যুতিক তার ও সুইচসহ সরঞ্জামাদি ব্যবহার করা হয়। এতে ভবনে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়।”

সভায় বক্তব্যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতাদের কথার জবাবও দেন হানিফ।

তিনি বলেন, “আসলে খালেদা জিয়ার রোগ মুক্তি চায় না বা সুস্থতা চায় না বিএনপি, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করাই তাদের মূল লক্ষ্য।”

হানিফ বলেন, “কারাগারে খালেদা জিয়া যে সুযোগ-সুবিধা পাচ্ছেন, একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বিশ্বের কোথাও কেউ এত সুবিধা পায় না।

“একজন নিরাপরাধ ব্যক্তিকে খালেদা জিয়ার সঙ্গে জেলে থাকতে হচ্ছে, এই নিরপরাধ ব্যক্তিও জেল খাটছে। সেটারও অনুমতি দেওয়া হয়েছে। এরপরও বিএনপি রাজনীতি করছে।”

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা।