চুড়িহাট্টার আগুন: হাজী ওয়াহেদের দুই ছেলে রিমান্ডে
চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে জিজ্ঞসাবাদের জন্য সাতদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
গত ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম আসামিদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করে।
দুই পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়। ওই মোড়ের ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা।
ওই ভবনের দোতলার পুরোটা প্লাস্টিক সামগ্রীর ও প্রসাধনীর গুদাম ছিল। বেইজমেন্টে ছিল বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ। অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৭১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৪টি মৃতদেহ পাওয়া যায় ওয়াহেদ ম্যানশনের নিচতলার সিঁড়ি ঘরে।
সেদিনের অগ্নিকাণ্ডে নিহত ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা জুম্মনের (৫২) ছেলে মো. আসিফ ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজার মডেল থানায় একটি মামলা করেন।
ওয়াহেদ ম্যানশনের মালিক হাজী আবদুল ওয়াহেদের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শরীফসহ ১৪ জনের বিরুদ্ধে ‘অবহেলাজনিত প্রাণনাশ’ অভিযোগ আনা হয় সেখানে।
মামলা হওয়ার পর হাসান ও সোহেল গত ১১ মার্চ হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তিন সপ্তাহের জামিন মঞ্জুর করে। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
সে অনুযায়ী গত ২ এপ্রিল দুই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এই মামলায় আগামী ৮ মে তদন্ত প্রতিবেদন জমার তারিখ রয়েছে।
