সচিবালয়ের অগ্নিনিরাপত্তা নিয়ে বৈঠকের সিদ্ধান্ত
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে শিগগিরই বৈঠক ডাকা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
সোমবার মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়।
সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে এক প্রশ্নে শফিউল বলেন, “আমরা নিজেরাই এটার বিষয়ে মিটিং ডাকব। পিডব্লিউডি এটার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে ওই সভা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এটা আমাদের সচিবদের সিদ্ধান্ত, আমরা নিজেরা মিটিং করব। আমরা আলোচনা করেছি বড় পরিসরে সবাইকে নিয়ে বসব, অন্তত অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্যও এটা দরকার।”
সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে এবং বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর বহুতল ভবনের অগ্নিনিরাপত্তা নিশ্চিতে নড়েচড়ে বসেছে সরকারের বিভিন্ন সংস্থা।
তবে সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অগ্নি দুর্ঘটনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান সচিব শফিউল।
সচিবালয় মসজিদের পাশে টিনসেড বিল্ডিংগুলো ভেঙে সেখানে ২০ তলা একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেখানে আগুনের ঝুঁকি প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা থাকবে।
