২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসে মন্ত্রিসভার ৩৬ সিদ্ধান্তের ২৪টি বাস্তবায়ন

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের তুলনায় এক দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট কমেছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 02:07 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঁচটি মন্ত্রিসভা বৈঠকে ৩৬টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ২৪টির, ১২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

গত বছরের একই সময়ে সাতটি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৩টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪৩টি। আর ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল। বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ।

শফিউল জানান, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে একটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ), দুইটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে পাঁচটি আইন।

২০১৮ সালের একই সময়ে মন্ত্রিসভা বৈঠকে চারটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ), তিনটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল। ওই সময়ে সংসদে ১৫টি আইন পাস হয়।