টরন্টোয় কনস্যুলেট নতুন প্রজন্মকে শেকড় চেনাবে: প্রতিমন্ত্রী
কানাডার টরন্টোয় নতুন কনস্যুলেট জেনারেল প্রবাসী বাংলাদেশি বিশেষ করে নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অন্টারিওর লেফটেন্যান্ট গভর্নর এলিজাবেথ ডাউডসওয়েলের উপস্থিতিতে সেখানে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
গত বছর ১৭ ডিসেম্বর কার্যক্রম শুরু করে নতুন এই কনস্যুলেট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন শেপার্ড এভিনিউ ইস্টে অবস্থিত কনস্যুলেট জেনারেল অফিসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
“পাশাপাশি বাংলাদেশি-কানাডীয় নাগরিক বিশেষ করে নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের সংযোগ সৃষ্টি ও ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করে যাবে।”
দ্রুত সময়ের মধ্যে এই কনস্যুলেট জেনারেল চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে এর কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও কানাডার সম্পর্ক ঐতিহাসিক ও পরীক্ষিত। নতুন কনস্যুলেট চালু হওয়া দুই দেশের বিদ্যমান জোরাল দ্বিপক্ষীয় সম্পর্কেরই প্রতিফলন।
‘মার্চ’ মাসকে ‘বাংলাদেশের ঐতিহ্যের মাস’ ঘোষণা করায় অন্টারিও প্রাদেশিক সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অন্টারিওর লেফটেন্যান্ট গভর্নর এলিজাবেথ ডাউডসওয়েল টরন্টোতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধনকে স্বাগত জানান।
তিনি বলেন, কোনো কনস্যুলেটের উদ্বোধন একবারই হয়ে থাকে। তাই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি ‘আনন্দিত বোধ’ করছেন।
বাংলাদেশের নতুন কনস্যুলেট অন্টারিওতে ক্রমবর্ধমান বাংলাদেশি অভিবাসীদের সাথে কার্যকর সংযোগ সৃষ্টিতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের ওপর প্রামাণ্য চিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে এলিজাবেথ ডাউডসওয়েলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ ও কানাডার দীর্ঘ দিনের বন্ধুত্ব, রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।
সাংবিধানিক রাজতন্ত্র অনুযায়ী রানী এলিজাবেথ দ্বিতীয় কানাডার রাষ্ট্রপ্রধান এবং লেফটেন্যান্ট গভর্নর প্রদেশে রানীর প্রতিনিধিত্ব করেন। সাংবিধানিকভাবে লেফটেন্যান্ট গভর্নর প্রদেশের প্রধান।
অন্টারিও প্রদেশে রানীর প্রতিনিধি ও প্রদেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধন ও স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে লেফটেন্যান্ট গভর্নর এলিজাবেথ ডাউডসওয়েলের উপস্থিতি বাংলাদেশের জন্য একটি ‘বিরল সম্মানের’ বলে হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে।
