২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অভিযানে ধরা ৬ প্রতারক

প্রতারণার মাধ্যমে কাস্টমসে চাকরি দেওয়া বা কাস্টমস হাউজের মালামাল পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 01:16 AM

Updated : 18 Aug 2022, 05:05 PM

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৪ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানিয়েছেন।

গ্রেপ্তার ছয়জন হলেন নুরুল হক (৫৭), মো. শেখ আলম (৪৩), ফিরোজ আলম (৫৭), মোশাররফ হোসেন (৫৪), মাসুদ রানা (৪৩) এবং রেনু মিয়া রনি (৩৮)।

র‌্যাব কর্মকর্তা সাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই চক্রটি অত্যন্ত ধূর্ত। এই গ্রুপের কেউ কাস্টমসের সহকারী কমিশনার, কেউ সুপারিনটেন্ডেন্ট, কেউ অফিস সহকারী, কেউ ব্রোকার কেউবা গাড়িচালকের পরিচয় দিত।

“তারা সাধারণত অভিজাত এলাকায় একটি অফিস ভাড়া করত এবং সেখানে বসে বিভিন্ন নিরীহ মানুষকে এনে টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ত।”

এক স্থানে প্রতারণা চালানোর পর তারা আরেক এলাকায় গিয়ে একই রকম ফাঁদ পাতত বলে র‌্যাব কর্মকর্তা সাজেদুল জানান।

তিনি বলেন, তারা ঢাকা ছাড়াও চট্টগ্রামে একইভাবে প্রতারণার জাল ছড়িয়েছিল। তাদের বিরুদ্ধে ঢাকা এবং চট্রগ্রামের বিাভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে।