প্রধানমন্ত্রীর সঙ্গে শ্যাম বেনেগালের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল, যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের জন্য কাজ করছেন।
বঙ্গবন্ধুকন্যার সঙ্গে দেখা করতে বুধবার সন্ধ্যায় শ্যাম বেনেগাল গণভবনে আসেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রেস সচিব বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও শ্যাম বেনেগাল আলোচনা করেছেন।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী এবং অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও এম এ আলমগীর।
গত বছরের অগাস্টে বঙ্গবন্ধুর বায়োপিকের নির্মাতা হিসেবে শ্যাম বেনেগালের নাম ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়।
এর আগে চলচ্চিত্রটি নির্মাণের জন্য ২০১৭ সালের ২৭ অগাস্ট নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি হয়।
সেই চুক্তির আওতায় নির্মিতব্য চলচ্চিত্রটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় অংশ নিতে দুই দিনের সফরে সোমবার রাতে ঢাকায় আসেন শ্যাম বেনেগাল।
এফডিসিতে বৈঠক করা ছাড়াও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক ও আশুলিয়ার কবিরপুর এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শনে করেছেন শ্যাম বেনেগাল।
সেখানকার লোকেশন, কারিগরি সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার ভারতে ফেরার কথা রয়েছে তার।
সাতবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এ নির্মাতা ক্যারিয়ারের শুরুতেই ‘আঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘ভূমিকা’র মতো চলচ্চিত্র দিয়ে হিন্দি সিনেমায় এক নতুন ধারার সৃষ্টি করেন।
সমালোচক এবং দর্শক-দুই মহলেই বরাবরই গ্রহণযোগ্যতা পাওয়া এই নির্মাতা এর পর তৈরি করেছেন ‘কালইয়ুগ’, ‘জুনুন’, ‘সুরাজ কা সাতওয়া ঘোড়া’, ‘মাম্মো’, ‘সারদারি বেগাম’, ‘জুবেইদা’র মতো প্রশংসিত সিনেমা।
