আবরারের মৃত্যু: সুপ্রভাতের বাসের দুই কর্মীর স্বীকারোক্তি
বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সু-প্রভাত পরিবহনের ওই বাসের ‘কন্ডাকটর’ ইয়াছিন আরাফাত ও চালকের সহকারী ইব্রাহীম।
মঙ্গলবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম।
পরে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী কন্ডাকটর ইয়াছিনের এবং মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ইব্রাহীমের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন দুই বিচারক।
জবানবন্দিতে তারা ১৯ মার্চ সকালে প্রগতি সরণিতে তাদের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার মারা যাওয়ার কথা স্বীকার করেছেন বলে আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রাকিবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, ওই ঘটনার আগে শাহজাদপুর বাঁশতলা এলাকায় তাদের বাসের চাপায় এক কলেজছাত্রী গুরুতর আহত হওয়ার পর চালক সিরাজুল ইসলাম আটক হলে কন্ডাকটর ইয়াছিন বাসটি চালাচ্ছিলেন এবং দ্রুত গতিতে যাওয়ার সময় আবরার চাপা পড়েন বলে তারা স্বীকার করেছেন।
আবরারের মৃত্যুর পর শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে গত ২৬ মার্চ রাতে চাঁদপুরের শাহরাস্তি থানার একটি ইটভাটা থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।
২৭ মার্চ এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠান মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।
তাদের আগে চালক সিরাজুল ইসলাম গত ২৮ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আবরারের মৃত্যুর ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় যে মামলা করেছেন তাতে অপর প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
গ্রেপ্তার ওই তিনজন ছাড়াও সু-প্রভাত পরিবহনের ওই বাসের মালিককে মামলায় আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, বাসটির চালক বেপরোয়া ও দ্রুতগতিতে বাড্ডার দিক থেকে প্রগতি সরণি রোড দিয়ে কুড়িলের দিকে যাওয়ার পথে গুলশান থানার শাহজাদপুরের বাঁশতলায় পথচারী সিমথিয়া সুলতানা মুক্তাকে (২০) চাপা দিয়ে রক্তাক্ত জখম করে।
আবারও বেপরোয়াভাবে দ্রুতগতিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়ি চালিয়ে গুলশান থানার নর্দ্দা আইকন টাওয়ারের সামনে প্রগতি সরণির পাকা রাস্তার ওপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় আমার ছেলে আবরার আহাম্মেদ চৌধুরীকে চাপা দিয়ে বাস তার মাথার ওপর দিয়ে চালিয়ে যায়। ফলে তার মাথা থেতলে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।
