অগ্নি নিরাপত্তা: গার্মেন্টের আদলে উদ্যোগ নেওয়ার ভাবনা মেয়র আতিকের
রাজধানীর বহুতল ভবনগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি পোশাক খাতের আদলে উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ভবন ও অগ্নি নিরাপত্তা নিয়ে নগরবাসীর অভিযোগ জানতে উত্তর সিটির প্রতিটি আঞ্চলিক কার্যালয়ের সামনে একটি করে অভিযোগ বাক্স খোলা হবে; যারা অভিযোগ জানাবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।
গুলশান ক্লাবে মঙ্গলবার ‘অগ্নিঝুঁকিতে রাজধানী: সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক এক আলোচনায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র।
তিনি বলেন, “আমাদের করণীয় ঠিক করতে বিজিএমইএর সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি। সবাই আমাকে বলেছেন সিটি করপোরেশনের সেই ক্ষমতা আছে কিনা।
“আমি বলেছি, যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আর্টিকেল-২০ এ সিটি করপোরেশনকে সে দায়িত্ব দেওয়া আছে। গার্মেন্ট সেক্টরের মতো রাজধানীর ভবনগুলোকে আমি কমপ্লায়েন্সের আওতায় এনে ছাড়ব।”
গত ২৮ মার্চ বনানীর ২৩ তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) বাংলাদেশকে একই পরামর্শ দিয়েছিল।
২০১২ সালে তাজরীন ফ্যাশনসে আগুন এবং ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক কর্মীর মৃত্যুর প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ এবং শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।
সে সময় তৈরি পোশাক খাতের শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন, অগ্নি ও ভবন নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে ইউরোপীয় ২২৮টি ক্রেতা কোম্পানির সমন্বয়ে গঠিত হয় অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ, যা সংক্ষেপে অ্যাকর্ড হিসেবে পরিচিতি পায়। তেমনি আমেরিকার ক্রেতাদের নিয়ে আরেকটি জোট হয়, তার নাম হয় ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি ইনিশিয়েটিভ’, যা অ্যালায়েন্স নামে পরিচিত পায়।
বাংলাদেশে পোশাক কারখানা ভবনের কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও সংস্কার কাজ তদারক করে ওই দুই জোট।
ঢাকায় ইউরোপীয় মিশনগুলোর পক্ষ থেকে গত শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, “ইউরোপীয় ইউনিয়ন মনে করে বাংলাদেশের অনান্য শিল্প খাত এবং আবাসন খাতেও বাংলাদেশ সরকারের একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিৎ।”
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত আলোচনা সভায় মেয়র আতিক বলেন, “আমরা একটা ভয়াবহ জায়গার মধ্যে আছি। আমাদের বিশ্বাস, সবাই মিলে কাজ করলে সবাই মিলে সবার ঢাকা গড়তে পারব। আমরা সবাইকে মিলে যেখানে গার্মেন্ট গড়তে পেরেছি, ঠিক তেমনি সিটি করপোরেশনকেও গড়তে পারব।”
উত্তর সিটির প্রতিটি আঞ্চলিক অফিসে অভিযোগ বাক্স খোলার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, “একটি ফোন নম্বরও চালু করব আমরা। সঙ্গে হোয়াটস অ্যাপ সংযোগ থাকবে। এসব মাধ্যমে যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় গোপন থাকবে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে সবাইকে নিয়ে নিরাপদ ঢাকা গড়ে তুলব।”
এক মাসের ব্যবধানে চকবাজারের চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রায় একশ মানুষের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তার বিষয়টি নিয়ে সবাই খুব ‘নাজুক সময়’ পার করছে বলে মন্তব্য করেন মেয়র।
তিনি বলেন, “আমরা যে দৃশ্য দেখলাম তা খুবই নাজুক। সেই দৃশ্য কতটা অসহায় তা সবাই দেখেছে। আমরা অনেককে বাঁচাতে পারিনি। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পরে। অবস্থার উত্তরণে আমাদেরকে অনেক কিছু করতে হবে।”
ডুরার সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে আলোচনার সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল। সেবা খাতে কর্মরত সংবাদকর্মীরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
