২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যানারি বর্জ্যে পোল্ট্রি খাবার: কারাখানা দ্রুত বন্ধের নির্দেশ

ট্যানারির বর্জ্য ব্যবহার করে মাছ ও হাঁস, মুরগিসহ পোল্ট্রি খাবার তৈরির কারখানা দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 06:40 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

একই সঙ্গে যারা ট্যানারির বর্জ্য ব্যবহার করে পোল্ট্রি খাবার তৈরি, বিপণন করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট পাঁচ মন্ত্রণালয়ের সচিব ও পুলশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত চলমান এক মামলায় সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।   

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ২০১১ সালের ২১ জুলাই হাই কোর্ট ট্যানারি বর্জ্য ব্যবহার করে মাছ ও হাঁস-মুরগির খাবার তৈরির কারখানাগুলো বন্ধের রায় দিয়েছিল।

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “ট্যানারির বর্জ্য ব্যবহার করে হাঁস, মুরগি ও মাছের খাবার তৈরির কারখানা বন্ধে ২০১১ সালের ২১ জুলাই হাই কোর্ট রায় দিয়েছিল। ছয়জন বিবাদী প্রতি এ রায় দেওয়া হয়। কিন্তু গত ২৫ মার্চ একটি দৈনিক পত্রিকায় ‘আদালতের রায় উপেক্ষা; ট্যানারির বিষাক্ত বর্জ্যে মাছ ও মুরগির খাদ্য তৈরি থেমে নেই’ শিরোনামে প্রতিবেদন ছাপায়।

“যেহেতু আদালত মামলাটি চলমান রেখেছিলেন, তাই প্রকাশিত ওই প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার এ সম্পূরক আবেদন করা হয়।”

তিনি আরও বলেন, ২০১৬ সালে রায়ের পর হাজারীবাগে পোল্ট্রি খাবার তৈরির সব কারখানা র‌্যাব দিয়ে বন্ধ করে দিয়েছিল। এখন আবার সাভারে তারা শুরু করেছে। কিন্তু রায়ে ছয় বিবাদীর (৫ সচিব ও পুলিশ প্রধান) প্রতি নির্দেশ ছিল তারা সব কারখানা বন্ধ করবে। যেহেতু সাভারে তৈরি করা হচ্ছে ফলে তাদের শোকজ করা হয়েছে।”

হাই কোর্টের রায়ের আদেশ অনুসারে কাজ না করায় ছয় বিবাদীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

আগামী ৯ মের মধ্যে শিল্প সচিব, বাণিজ্য সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য ও প্রাণীসম্পদ সচিব ও পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১১ সালের ২১ জুলাই হাই কোর্টের রায়ে হাজারীবাগে ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের খাবার উৎপাদনকারী কারখানাগুলো এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

পাশাপাশি ওই কাজে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং পোল্ট্রি ফুড উৎপাদনে ট্যানারি বর্জ‌্যের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ফিশ মিট ও অ্যানিমেল গ্লু প্রস্তুতকারক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

২০১৭ সালের ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটি খারিজ করে দিয়ে হাই কোর্টের রায়ই বহাল রাখে।