বনানীর ভবন নিরাপত্তায় উদ্যোগী ব্যবসায়ী-এলাকাবাসী
রাজধানীর বনানীর ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগী হয়েছেন ওই এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের সংগঠনের নেতারা।
দুই দিন আগে বনানীর ২২তলা এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ব্যবসায়ীদের সংগঠন ডিএনসিসি বনানী সুপার মার্কেট-কাম হাউজিং কমপ্লেক্স বিজনেস কো অপারেটিভ সোসাইটি এবং বাসিন্দাদের সংগঠন বনানী সোসাইটির প্রতিনিধিরা বলছেন, সিটি করপোরেশন, প্রশাসন, স্থানীয় সামাজিক সংগঠন, সরকারের বিভিন্ন দপ্তর, স্থানীয় সরকারের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করে প্রতিটি ভবনের নিরাপত্তা ব্যবস্থা তদারক করবেন তারা। কোনো ভবন মালিক নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে ভবনের বাসিন্দাদের ঝুঁকিতে ফেললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বনানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে যা হয়েছে, হয়েছে। পেছনে না গিয়ে এখন যেসব ভবন হচ্ছে, সেগুলোতে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ সব ধরনের সেইফটি নিশ্চিত করা হোক। আর পুরনো যেসব ভবন আছে সেগুলোতে যদি সময় উপযোগী নিরাপত্তা ব্যবস্থা না থাকে তবে সে ভবনগুলোর সেইফটি রি-অ্যারেঞ্জ করা হবে।”
পানি, বিদ্যুৎ, গ্যাসসহ পরিসেবা ব্যবস্থাপনার আধুনিকায়ন ছাড়াও একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এফআর টাওয়ারে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা পায়নি ফায়ার সার্ভিস। এটি ভবন নির্মাণ নীতিমালা অনসুরণ করে তৈরি করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।
এই প্রেক্ষাপটে সকালে বনানী সোসাইটির নেতাদের সঙ্গে তাদের বৈঠকে এলাকার ভবনের নিরাপত্তা নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয় বলে জানান মাহমুদ হাসান আজাদ।
তিনি বলেন, “এই কমিটি ১৫ দিন পর পর এলাকার বিভিন্ন ভবন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করবে।
“সেই প্রতিবেদনে যেসব সুপারিশ থাকবে সেসব সুপারিশ যে বা যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন একটা কিছু করা যায় কি না আমরা চিন্তা করছি।”
এফআর টাওয়ারে আগুনে নড়েচড়ে বসলেন স্থানীয়দের দুই সংগঠনের নেতারা
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপরাপর স্থানীয় সংগঠনের নেতাদের সাথেও এ নিয়ে আলাপ-আলোচনা, বৈঠক হয়েছে। আরও হবে আশা করি।”
তিনি বলেন, “অব্যবস্থাপনা, অনিয়ম আমাদের দিক থেকেও আছে। সেগুলো কীভাবে ওভারকাম করা যায়, সে বিষয়ে সচেতনতার পাশাপাশি আমাদের কী করণীয় তা নিরূপন করার চেষ্টা করছি। আশা করি, আমরা একটি সমাধান বের করতে পারব।”
এরইমধ্যে ওই এলাকার ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন চিহ্নিত করা হয়েছে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেসব ভবনের মালিকদের দু-এক দিনের মধ্যেই ডাকব। এছাড়া স্থানীয়ভাবে উদ্যোগ নিতে যাচ্ছি, সবাইকে ডেকে চিঠি দিব যেন গ্যাস, বিদ্যুতের বিষয়ে তারা যতটুকু সম্ভব নিজেদের নিরাপত্তা গ্রহণ করে।”
অগ্নিকাণ্ডের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -রাজউককে দায়ী করে স্থানীয় এ জনপ্রতিনিধি বলেন, “সর্বনাশের মূল হল রাজউক। কোনো কিছু না দেখে খাতির করে এসব ভবনের অনুমোদন দিয়েছে। কয়টা ভবন নিয়মের মধ্যে হয়েছে সেটাই এখন দেখার বিষয়। এই হল অবস্থা আমাদের।
“এর থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় তার জন্য সিরিয়াসলি পদক্ষেপ নিতে হবে। তাছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই।”
বনানীর এই অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই শনিবার ভোরে আগুন লাগে গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারে। এতে কেউ নিহত না হলেও পুড়ে গেছে দেড়শর মতো দোকান।
এই প্রেক্ষাপটে ঢাকার ভবনগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখতে ১৫ দিনের বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
রাজউকের এই অভিযানে যে ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে পাওয়া যাবে না, সেগুলো ‘প্রয়োজনে’ ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এফআর টাওয়ারের নকশা ও অন্যান্য কাগজপত্র তলব
দুপরে তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবন মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ভবনের নকশার অনুলিপি চেয়েছেন তারা। আগামী রোববারের মধ্যে তাদের সেই কপিসহ ভবনের অন্যান্য কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
এই ভবন নিয়ে রাজউকের কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি বলেন, “পূর্ত মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, তারা রাজউকের অনুমোদন পত্রটি আমাদের দেখাবে। আমরা দেখব, রাজউকের অনুমোদন ছাড়াই কীভাবে আঠার তলার জায়গায় তেইশতলা হয়েছে ভবন। কোথায় গ্যাপ আছে আমরা খুঁজে দেখব।”
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর এখনও স্বাভাবিক হয়নি বনানীর ওই এলাকার জনজীবন। সেখানকার দোকানগুলোতে ব্যবসা-বাণিজ্য অনেকটা স্থবির হয়ে আছে।
তিনি জানান, ব্যবসায়ীদের কথা চিন্তা করে রোববার বন্ধের দিন মার্কেটটি খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। শুক্রবার জেনারেটর দিয়ে কয়েক ঘণ্টা মার্কেট চালু রাখা হয়েছিল। শনিবার দুপুর পর্যন্তও জেনারেটরের বিদ্যুৎ দিয়ে চলেছে।
মার্কেট খোলা রাখলেও ক্রেতা আসছে না বলে জানান ফ্রেন্ডস আর্ট গ্যালারির বিক্রয়কর্মী মো. আশিক।
তিনি বলেন, “এলাকাটা ঘিরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, কাজ করাটাই স্বাভাবিক। আশা করি, আগামী দুই-একদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে। তাছাড়া দুপুরের পর বিদ্যুৎ এসেছে। কাল থেকে হয়ত কাস্টমারও আসতে শুরু করবে। কিন্তু কথা হচ্ছে আমরা কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে চাই। এখন তো জোরে শব্দ হলেও ভয় লাগে।”
বনানী বাজার কমিটির সভাপতি ও ফাহিম মিউজিক সেন্টারের মালিক মো. মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব স্বাভাকিভাবেই ব্যবসায়ী, ক্রেতাসহ এই এলাকার মানুষের মানসিকতা ঠিক নেই। শোকের পাশাপাশি এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে।”
তিনি বলেন, “যদিও দুর্ঘটনা বলে-কয়ে আসে না, তারপরও আমি বলব আমাদেরও য়থেষ্ট অসচেতনতা আছে, খামখেয়ালি আছে। রাস্তায় প্রায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তারপরও নিয়ম ভেঙে আমরা রাস্তা পার হচ্ছি। সবকিছু নিয়ম ও সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে পারলে এসব দুর্ঘটনা হয়ত এড়ানো যায়।”
