সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ের নির্মাণাধীন ১১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সচিবালয়) রাজীব ঘোষ জানান।
নিহত শ্রমিকের নাম আশরাফুল ইসলাম, বয়স ২১ বছর। তার বাড়ি নিলফামারী জেলায়। যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই আশরাফুল ওই ভবনে কাজ করছিলেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
বাংলাদেশে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনা নতুন নয়। কিন্তু খোদ সচিবালয়ের ভেতরে এরকম দুর্ঘটনা ঘটায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলছে নানা আলোচনা।
তাদের কথায় জানা গেছে, ওই ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে মেসার্স জিকে বিল্ডার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
আশরাফুলের ফুফাত ভাই রফিকুলও ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি জানান, আশরাফুল ছিলেন রড মিস্ত্রি। সকালে ১৮ তলায় কাজ করছিলেন তিনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলার মাঝামাঝি লোহার পাইপে ঝুলে ছিলেন আশরাফুল। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বেলা সোয়া ১১টার দিকে আশরাফুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
মো. জুম্মান নামে একজন গাড়ি চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সচিবালয়ে গাড়ি রেখে তারা কয়েকজন ১১ নম্বর ভবনের পাশেই আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান।
“দেখি চারতলা ববাবর একটা রডে ঝুলে আছে একজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার পায়ে রশি বেঁধে তিন তলায় নামিয়ে আনে। সেখান থেকে পরে নিচে নামানো হয়। তার মাথা থেঁতলে গিয়েছিল।”
