২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের ঋণ খেলাপে ভোট আটকাল বাবার

ছেলে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মতিনের প্রার্থিতা স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 11:19 PM

Updated : 18 Aug 2022, 05:02 PM

আওয়ামী লীগের প্রার্থী মো. ইকবাল হোসেনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এ আদেশ দেয়।

রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী খালেদ সাইফুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

আমিন উদ্দিন মানিক পরে সাংবাদিকদের বলেন, “ঋণ খেলাপির দায়ে ত্রিশাল উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিনের প্রার্থিতা স্থগিত করেছেন আদালত। আগামী রোববার এ উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।”

মো. আবদুল মতিনের ছেলে মো. শহীদুল ইসলাম দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ শাখা (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সরকার এন্টারপ্রাইজের নামে ২০১৬ সালের ৭ অগাস্ট দুই কোটি টাকা ঋণ নেন। এ ঋণের জামিনদার হন বাবা মো. আবদুল মতিন।

গত বছরের ৭ অগাস্টের মধ্যে ঋণ পরিশোধের শর্ত থাকলেও তা পরিশোধ করা হয়নি, যা সুদ-আসলে ২ কোটি ২৯ লাখ ৮১ হাজার ২৯৭ টাকা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিন উদ্দিন মানিক বলেন, “উপজেলা নির্বাচন বিধি অনুযায়ী, ঋণ গ্রহণকারী ও ঋণের জামিনদার দুজনেই ঋণ খেলাপির জন্য সমান দায়ী। কিন্তু রিটকারী তার আবেদনে উল্লেখ করেছেন যে, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিন এ তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।”

এ অভিযোগে মো. আবদুল মতিনের প্রার্থিতা বাতিল চেয়ে গত ১২ মার্চ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেন জেলার নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন।

সেখানে সাড়া না পেয়ে গত ২০ মার্চ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও আবেদন করেন। এদিন মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিনের বিরুদ্ধে কোনো অভিযোগ বা আপত্তি উত্থাপিত হয়নি বলে তার মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পরদিনই হাই কোর্টে রিট আবেদন করেন ইকবাল হোসেন। তারই প্রাথমিক শুনানি নিয়ে উচ্চ আদালত মতিনের প্রার্থিতা স্থগিত করল।

এদিকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ হোসাইন জোয়ারদারের নৌকা প্রতীক চেয়ে করা আবেদন নিষ্পত্তি না করায় খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে হাই কোর্ট।

এ উপজেলায়ও আগামী রোববার ভোট হওয়ার কথা ছিল। আদালত নির্বাচন স্থগিতের পাশাপাশি খুলনার ডেপুটি কমিশনারকে আগামী ৩ এপিলের মধ্যে শাহনেওয়াজের আপিল আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

নির্বাচনের আগে প্রার্থীর আপিল আবেদন নিষ্পত্তি করে আবেদনকারীকে নৌকা প্রতীক বরাদ্দ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, ডুমুরিয়া উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত খুলনার ডেপুটি কমিশনারসহ (আপিল নিষ্পত্তিকারী) সংশ্লিষ্ট পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারী শাহনেওয়াজ হোসাইন জোয়ারদারের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। তার সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

রিট আবেদনে বলা হয়, খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে মো. মোস্তফা সরোয়ার এবং শাহনেওয়াজ হোসাইন জোয়ারদারকে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এরপর দল থেকে শাহনেওয়াজ হোসাইন জোয়ারদারকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। সে অনুযায়ী দলীয় প্রতীক নৌকা তারই বরাদ্দ পাওয়ার কথা। কিন্তু কর্মকর্তা মো. মোস্তফা সরোয়ারকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়।

রিটার্নিং কর্মকর্তার প্রতীক বরাদ্দের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৭ মার্চ খুলনার ডেপুটি কমিশনারের (আপিল নিষ্পত্তিকারী) কাছে আপিল করেন শাহনেওয়াজ হোসাইন জোয়ারদার। সে আপিল আবেদন নিষ্পত্তি না করেই নির্বাচন প্রক্রিয়া চলমান রাখায় হাই কোর্টে এই রিট আবেদন করা হয়।

আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের এ আদেশের ফলে ৩১ মার্চ আর ডুমুরিয়া উপজেলার নির্বাচন হচ্ছে না। আর ১০ এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিত করে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া শাহনেওয়াজ হোসাইন জোয়ারদারের আপিল আবেদনটি নিস্পত্তি করতে বলেছে আদালত।”