২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি আদায়ে তৎপরতা বাড়ানোর আহ্বান
একাত্তর সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোয় জোর দিয়েছেন ঢাকায় এক আলোচনার সভার বক্তারা।
পাশাপাশি পাকিস্তানি যুদ্ধপরাধীদের বিচারের কর্মতৎপরতাও শুরু করা প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ এর আয়োজনে ‘গণহত্যা ১৯৭১: আন্তর্জাতিক দায়বদ্ধতা ও স্বীকৃতি’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ উদ্দিন কামাল বলেন, “একাত্তরের গণহত্যার কথা স্মরণ করলেই আমরা ক্ষত-বিক্ষত হই। আমাদের অনেক স্বজন গণহত্যার শিকার হয়েছে।
“অনেক পক্ষের দাবির পর ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে সরকার স্বীকৃতি দিয়েছে। এই ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এজন্য বাংলাদেশের প্রত্যেকটি অ্যাম্বাসিকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।”
সাবেক রাষ্ট্রদূত ওয়াহিদুল হক বলেন, “একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনও আমরা আদায় করতে পারিনি, এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা। আন্তর্জাতিক গণহত্যা দিবস আদায়ে সারা বিশ্বব্যাপী তৎপরতা চালাতে হবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন বলেন, “২৫ মার্চের গণহত্যা নিয়ে আমাদের কোনো কমপ্রিহেনসিভ ডকুমেন্টস নেই। এটা করা যেতে পারলে নতুন প্রজন্ম ইতিহাস নতুনভাবে জানতে পারত।
“গণহত্যা নিয়ে যে কাজগুলো হচ্ছে, তা বিচ্ছিন্নভাবে না করে সমন্বিতভাবে করতে হবে। মুক্তিযুদ্ধের যে বধ্যভূমি এখন উন্মোচিত হচ্ছে, সেখানে স্মারকচিহ্ন স্থাপন করতে হবে। তবে এ কাজের জন্য বড় বাজেট লাগবে।”
মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা একটি রিডানডেন্ট ইস্যু৷ আমরা এখন রাজাকারদের তালিকা নিরূপন না করে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রণয়ন করছি। এতে দুর্নীতির বড় ক্ষেত্র তৈরি হচ্ছে।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বিভিন্ন কূটনৈতিক মিশনে মুক্তিযুদ্ধের দলিলগুলোর সংকলন পাঠাতে সরকারের প্রতি অনুরোধ জানান।
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব বলেন, ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি ও অপরাধীদের বিচারের প্রশ্নে বিশ্ব সম্প্রদায়ের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
“আমি মনে করি, যতদিন পাকিস্তান তাদের সেনাবাহিনীর হাতে বাংলাদেশের মাটিতে গণহত্যার দায় স্বীকার না করবে, যতদিন এই গণহত্যার জন্য বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা না করবে, যতদিন ১৯৫ পাকিস্তানি যুদ্ধপরাধীর বিচারে কর্মতৎপরতা শুরু না করবে, যতদিন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত না হবে ততদিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।”
সংগঠনের সহ-সভাপতি সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
