২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এএসপি মিজান হত্যা: অভিযোগপত্রে আসামি দুইজন

সাভার হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মিজানুর রহমান হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2019, 04:10 PM

Updated : 10 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

এএসপি মিজানের ‘দুই হত্যাকারী বন্দুকযুদ্ধে’ নিহত
এএসপি মিজান হত্যার তদন্ত করবে ডিবি
এএসপি মিজানুর খুন হন ‘ছিনতাইকারীর হাতে’
ঢাকায় গলায় কাপড় প্যাঁচানো এএসপির লাশ

ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়া রোববার ওই অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামি ফারুক হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গত সপ্তাহে তিনি দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। 

পলাতক ফারুক হাওলাদার ছাড়া অপর আসামি হলেন শাহ আলম ওরফে বুড্ডা, যিনি কারাগারে আছেন। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

এছাড়া দুই আসামি মো. জাকির হোসেন ও আয়নাল হক ওরফে এনামুল হক ওরফে মিন্টু গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দিতে বলেছেন তদন্ত কর্মকর্তা।

আর কামাল নামে আরেক আসামির নাম বাদ দেওয়া হচ্ছে তার পুরো নাম ঠিকানা না পাওয়ার কারণে।

রাষ্ট্রপক্ষে মোট ২১ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে। মোবাইল ফোন, গাড়ির চাবিসহ নয় ধরনের আলামত আদালতে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

Image
মিজানুর রহমান

মিজানুর রহমান

২০১৭ সালের ২১ জুন মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ঢাকা বোর্ড ক্লাবের সামনে থেকে এএসপি মিজানুরের মরদেহ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। তার গলায় কাপড় পেঁচানো ছিল।

ওই দিন রাতেই তার ভাই মো. মাসুম তালুকদার রূপনগর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে পরে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন ভোরে সেহেরি খাওয়ার পর সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে কর্মস্থল সাভারের উদ্দেশে রওনা হয়েছিলেন এএসপি মিজানুর। যে জায়গায় তার লাশ পাওয়া গেছে, বাসা থেকে তা গাড়িতে ১৫ থেকে ২০ মিনিটের পথ।

এরপর শাহ আলমকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, এএসপি মিজান হত্যার পেছনে ছিল ছিনতাইয়ের ঘটনা।

২০১৭ সালের জুলাই মাসে জাকির ও মিন্টু পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, শাহ আলমসহ চার ছিনতাইকারী এএসপি মিজানকে একটি প্রাইভেটকারে তুলে নিয়েছিল। কিন্তু পুলিশ পরিচয় জানার পর তারা মিজানকে হত্যা করে।

শাহ আলমের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে মনিরুল সে সময় জানিয়েছিলেন, ঘটনার দিন প্রাইভেটকারের চালকের আসনের ছিলেন জাকির। চালকের বাঁ পাশে ছিলেন শাহ আলম ওরফে বুড্ডা। পেছনে এএসপি মিজানকে মাঝে রেখে দুই পাশে বসেছিলেন মিন্টু এবং কামাল ওরফে ফারুক। ঝুট কাপড়ের টুকরো গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তারা মিজানকে হত্যা করে।