তুরাগ তীরের ৩০০ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ
উচ্ছেদ অভিযানের ১৯তম দিনে তুরাগ তীরে গড়ে উঠা প্রায় ৩১৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাবতলী, আমিন বাজার ব্রিজ থেকে মিরপুর জহুরাবাদ পর্যন্ত তুরাগ নদীর উভয় তীরে এ অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, মঙ্গলবারের অভিযানে দুটি দোতলা বাড়ি, ১৫টি একতলা বাড়ি, ১৪টি সীমানা প্রাচীর, আধা পাকা ৩৬টি স্থাপনা এবং ২৫০টি টংঘর উচ্ছেদ করা হয়। এছাড়া দুই একর জায়গা অবমুক্ত করা হয়।
আগামী বুধবার সকাল ৯টায় মিরপুর বেড়িবাঁধ জহুরাবাদ এলাকা থেকে আবারও অভিযান শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।
